Followers

Saturday, December 7, 2024

#৪

জলের পাড় ধরে এগিয়ে চলেছে পা দুটো
ঝিঁ ঝিঁ ডাক সইয়ে এসেছে শরীরে এতক্ষণে

জলের ধারে এসে দাঁড়ালে তাপ ওঠে
জলের ধারে ধারে,
তাপ ঘুরে আসে, আত্মা,
চলকে চলকে উড়ে চলেছে জলের উপর দিয়ে

লোকে বলে আলেয়া
কান পেতেছ কি গুনগুন শুনতে পাবে,
তুমি ধরো হারিয়েছ ওদের শুনতে পাওয়া ছন্দ
ধুম - ধু - না ধোঁয়া ধোঁয়া আলেয়ার নেশায় বুঁদ
পা দুটো জেগে থাকে জলের ধারে

মাছ নেই
জলফড়িং ঘুরছে আত্মার হাত ধরে

****

ওরা ধরে ফিরতে বলত 
সাঁঝ হলে 
এদিকে খালিপায়ে ঘরে ফেরার মত
রাস্তা ওরা খোলা রাখেনি

ঘর থাকলেও আর ঘর নেই

****

খুব আওয়াজ 
হাত, মাথা, কান সব খুইয়ে পেট, পা, আর চোখ
জলের নীচে ডুবিয়ে বসে আছে
জলের ভেতরে নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়
শ্বাসনালীতে জল চলে এলে ঝগড়া হয়
বেঁচে থাকা শুনতে পাওয়া যায়।

ওরা বারণ করে কথা বলতে।
নিজের আওয়াজ শোনা পাপ
তুমি ছেড়ে দাও
বিশ্বাস করো,
চামড়ার রঙ এবড়োখেবড়ো সাদা।
ওরা আর সাদা হতে পারে না।
 
তুমি উঠে এলে ওরা জলের
পায়ে শেকল দিয়ে তুলে নিয়ে যাবে।
তাপ, আত্মা, ওরা পথ ধরে ধরে খানিক যাবে
তোমার স্মৃতি ধরে রাস্তা
কতদূর যাবে আর!
 
ছেড়ে দাও। বিশ্বাস করো তুমি বেঁচে আছো।
বিশ্বাস করো একবার কেবল।
ওদের আওয়াজই তোমার আওয়াজ।
তুমি কেবল একটু বিশ্বাস করলেই বেঁচে যাবে। 


- সোমালী (৭/১২/২০২৪)

Tuesday, December 3, 2024

দোয়া

শরীরে না থাকলে বেশ হত। 

বিশাল বড় পাথর চাপা পড়েছে সেসব
স এর পিঠেষ উঠে বসেছে
ভেঙে ফেলেছে বেতের ঝুড়ি, আজান, ঝড় 
আগুনের কাছে চলে যাচ্ছে চাপে
গলে গিয়ে সিসা পড়ে থাকবে অথবা ঘাম
আমি ভুলে গিয়ে তোমার শরীরে মিশে যাবো অজান্তে
অজান্তে তোমায় পেয়েও হারিয়ে ফেলব

দেওয়ালে দুটো বিছে দাঁড়িয়ে ছিল সেদিন
আমি শান্তিতে ঘুমিয়েছি অথচ

শরীরে ভুলে গেলে কিম্বা হারিয়ে ফেললে
ভালো থাকা যায়। 
খুব সহজেই হারিয়ে ফেলা যায়। 

শরীরে না থাকলে পিছন ফিরে তাকালেও 
ধরা পড়ার ভয় নেই। 

Monday, December 2, 2024

আমি আসলে মিথ্যে কথা বলেছিলাম

দরজার বাইরে ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়েছি যতদিন

রোজ রাতে নিয়ম করে সে ভিক্ষাপাত্র
আমি নিজে থেকে উল্টে দিয়ে চলে গেছি
দিয়েছিলে তো ওই নীরবতা দুবেলা 
দয়ারও তো পরনে কাপড় লাগে বটে 

দরজায় ভিক্ষুক দাঁড় করিয়ে এই যে
নিশ্চিন্তে করুণানিধির দশটি উপায় অভ্যেস করছ
শিকড় জড়িয়ে প্রেম দিই না কাউকে আমরা কখনও
ভিক্ষাপাত্রে কিছুই জমা পড়বে না তাই, ..

চিৎকার করে ঘোষণা দিয়েছি
ফেলে দাও
যে যেখানে দাঁড়িয়েছ আজ
পাথরের ভারী ভিক্ষুকের আভরণ যা যা কিছু
ফেলে দাও! 
উল্টে দাও, করুণা বাতাস যা কিছু জমেছে
ওদেরই পায়ে ফেলে দাও পাত্র 

এরপর ওরা খুঁজবে কাকে কিছু
উচ্ছিষ্ট দেওয়া যায়
ওদের করুণা গিয়ে জমা হোক ওদের বিছানায়, ঘরে
বুকে উথলে উঠলে দুধ,
স্তন চেপে দৌড়ে বেড়াবে দোর ধরে
ভিক্ষা দিতে চেয়ে নাক ঘষবে মাটিতে
ওদেরই খুঁজতে বোলো কোথায় পাত্র পাওয়া যায়
ভিক্ষা যাদের গায়ে রোজ ফিরে ফিরে আসে,
নাঙ্গা হয়ে ভিক্ষাপাত্র হাজারে একটা জন্মায়।। 

-  সোমালী (1/12/24)

Friday, November 1, 2024

#৩

মাটি হয়ে পড়ে আছি 
বছরের পর বছর গড়িয়ে গেল
এতদিনে বোধয় নিঃশ্বাস পড়ে না আর

শবদেহের উপর দিয়ে বরযাত্রী চলে যায়। ঢাক বাজে, মনে হয় আগুনে গলে যাচ্ছে অশরীরী চেতনা, প্রাণ, নাড়ী। 

কত আলো!
কি অসহ্য সব আলো
চারিদিকে প্রচুর উৎসব দিয়ে ঘিরে দিয়েছে ওরা, আমাকে বেরতে দেবে না

বছর তিনেক হয়ে গেল
টান মেরে মেরে নিজের হাত দুটো ছিঁড়ে ফেলার চেষ্টা করছি।
রক্ত মুছতে মুছতে জামাকাপড় লাল হয়ে গেছে

আমায় একটু ঘুমাতে দাও।
ঘোর দাও
মোহ দাও
নেশা দাও
পেরেক দিয়ে গেঁথে দাও জলপাই গাছে
যা হয় করো

এত রক্ত অথচ অঙ্গচ্ছেদ হয়না কিছুতেই। 
চিৎকার ও কে যেন পুরষ্কার ভেবে 
মাথায় পরিয়ে চলে গেছে 

- সোমালী
(দীপাবলি ভাগ দুই - ১/১১/২০২৪)

Thursday, October 31, 2024

জন্ম দিয়েছ তবু অবগত করনি

আমরা এক বিস্ফোরক জমির উপর দাঁড়িয়ে রয়েছি

পায়ের তলায় 
দগদগে সব বিষফোঁড়া। 

ওরাই আমাদের জন্ম দিয়েছেন
কিংবা দিয়েছে
আমাদেরই মত সচল ও ভঙ্গুর এক মহলা বাড়ি
অজস্র নকশা উঠেছে দেওয়ালময়

ওরাই আমাদের জন্ম দিয়েছে
বলে উঠে দাঁড়িয়ে আছি ওদেরই দিকে
আঙ্গুল তুলেছি, কত সর্বস্ব লাগে

কত সর্বস্ব লাগে
সমস্ত ছুঁড়ে ফেলে দেওয়ার আগে
পিছল পথের আগল ধরে দাঁড়াই
কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছি না

তল, বল, নিদেনপক্ষে একটা ধুলোকণা 

**

ওরাই আমাদের জন্ম দিয়েছে
জন্মের সময় কেউই বুঝিনি কতবড়
তীর চিহ্ন আছে সুপ্ত
শিক্ষা, মান, যত দুর্বিষহ যন্ত্র বানিয়েছে সব
বিছিয়ে রেখেছে চারপাশে
সব কেমন 
বিশ্বস্ত সব ল্যান্ডমাইন 

কি হবে? জমি ফুটো হয়ে বারুদ বেরিয়ে আসবে

বৃষ্টি হবে তুলোর বারুদ
আমরা সবাই নাক চেপে বসে থাকি
কতদিনে ওরা সবাই আমাদের আবার জন্ম দেবে

আবার শিখিয়ে দেবে যন্ত্র, মন্ত্র, সুখ, দুখ, প্রতিবাদ
কাকে বলে?

কেন বলবেনা কতদূর হেঁটে গেলে
উড়ে যাবে,
উড়ে যায় যাকে চিনি
যাকে জড়িয়ে ধরি, ধরে রাখতে চাই আরও
উড়ে যাবে

উড়িয়ে দেবে?

পরিচয় করাবে ল্যান্ডমাইনের সাথে,
অথচ নিজের সাথে নয়? 

**

ওরাই আমাদের জন্ম দিয়েছে বলে
বারবার ভেঙে দেবে যতকিছু
গড়ে তোলা যায়? 

কাছে এসে দাঁড়াবে,
মেপে নেবে রক্ত ছুটেছে কতটুক
ব্যস? 

**

ভাঙা বাড়ির সাথে পরিচয় হলে
সে পরিচয় বয়ে বেড়াতাম অনুরাগে
তবু প্রাসাদ সবের সাথে পরিচয় হয়

তারপর এই। 


- সোমালী (৩১/১০/২০২৪)

Monday, October 28, 2024

চৈত্র মাস

রক্ত সমস্ত জল হয়ে এসেছে
ছোঁয়াছুঁয়ি খেলা 
দূর ছেড়ে গিয়ে আরও খানিকটা দূরে
ব্যারিকেড জুড়ে দাঁড়িয়ে আছো
পা কাঁপছে না? 

আলকাতরা দিয়ে মুখ মুছে নিয়েছি
আরও নিঃশব্দে মহাসাগর পার করার কথা ছিল বটে,
ক্ষমা করো অথবা

জানিনা এতদূরে আওয়াজ পৌঁছয় কিনা
নয়নতারা ফিরে গেছে ঘরে তার
আমার তো আজও বীজ ছাড়া দেওয়ার কিছু নেই,
হুঁশ আমার ছাই ছাই করে দিই
নেবে?

**

বিপ্লব আমার শখের করাত নয়
সাগর ধরে ধরে পৃথিবী দুভাগ করে ফেলি
তোমার গালের শিরীষ উপত্যকায়
ঘুমিয়ে থাকব যেমন রাষ্ট্র থাকে
ছন্দ আমার বন্ধু কখনও নয়
ছন্নছাড়া, সব ছড়িয়ে ছিটিয়ে ফেলি। 

- সোমালী (২৮/১০/২০২৪)

Tuesday, October 22, 2024

দি ... (১)

অটো থেকে নেমেছি বহুক্ষণ হল
রাস্তা পার হতে পারছিনা কিছুতেই।

উলটো দিকে আরকটা অটো এসে দাঁড়িয়েছে
ও ডাকছে আমায় 

ওরা কি জানেনা, আমি বাড়ি ফিরতে চাই? 
তাহলে আবার রাস্তায় নিয়ে যেতে চায় কেন?

বৃষ্টি পড়ছে দূরে,
এক্ষুনি মাথায় কেবল মেঘ
কপালের মাঝ বরাবর একফোঁটা ঘাম 
এগিয়ে আসছে ভ্রু ধরে, 
নেমে আসবে, 


অন্ধ হয়ে যাচ্ছি অথবা ঘাম
গড়িয়ে ভেসে যাচ্ছে চরাচর
একটা কয়েন পড়ল রাস্তায়,
উজ্জ্বল, হাজারো গাড়ির মাঝে
বেঁচে আছে ধাতুর প্রাণ
শব্দের জোরে প্রমাণ দিয়েছে ওর  
আমি আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকব হয়ত
তোমার মুখটা ভেসে উঠেছে রাস্তায় 

আমি তাকিয়ে আছি আমার বুকের দিকে
বুক বলতে নেই, নিঃশ্বাস বলতে হয় 

তুমি আর ফিরবে না কখনও
রাস্তায় আমাদের সবার মুখ ভেসে উঠছে

দূরে বৃষ্টি পড়ছে কোথাও,
অথবা আমার মাথায়
উলটোদিকে অটোওয়ালা চায় আমি
আবার স্টেশন চলে যাই

কাউকে বোঝাতে পারছিনা,

অটো থেকে নেমেছি বহুক্ষণ হল
অথচ কিছুতেই বাড়ি ফিরতে পারছি না 

 -- সোমালী (২৫/৮/২৪ থেকে ২২/১০/২৪)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...