১.
ঘুম যখন ভাঙে বোঝা যায়না কোন পৃথিবী সত্যি। দীর্ঘ, গভীর, স্বপ্নে চুবানো ঘুমের দেশে, পৃথিবীর অনেক রূপ। যে স্বপ্নে একটা হাত কাটা গেছে, অন্ধকারে হাতড়ে বেড়ানো সেই হাত-রক্ত, জ্ঞান হারাতে থাকা সেই মিষ্টি মিষ্টি স্বাদ... সেই স্বপ্নের স্বাদটুকু ভোরের গায়ে গায়ে লেগে জেগে থাকে। হঠাৎ মনে হয় সকাল হয়েছে, কিন্তু হয়ওনি আবার... সব কেমন মিষ্টি মিষ্টি... এত মিষ্টি কেন... ওরা কি আমার আরেকটা হাতও?
সময় লাগে ধাতস্থ হতে। এই আলো কিসের? দিনের আনন্দের, নাকি রাতের বীভৎসতার? মনে হয় রাত। বড্ড রাত। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অথচ বাতাসে একেবারে শুধু ভাত খাওয়ার পরের চূড়ান্ত মিষ্টিটা লেগে রয়েছে। ক্ষিদে পায়, কিন্তু সেই ভাতটা শেষ কবে খাওয়া হয়েছিল? মনে পড়ে না। "কোথায় যে পড়ে আছি? এত অন্ধকার কেন?" হাতের কাছটায় প্রচন্ড যন্ত্রণা... অথচ সাহায্যের জন্য আর স্পষ্ট করে চিৎকার করা যায় না। ভয় থাকে ধরা পড়ে যাওয়ার। ধরা পড়লে যেন হাতের পর একে একে সমস্ত অঙ্গ খোয়া যাবে!
হঠাৎ পরম মমতায় নিজের পা অনুভব করতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে ... তখনই আবছা আলোয় মনে হয় পায়ের ওপর কিছু একটা পড়ে আছে। চাদর... ওহ, ঘুম ... উঠতে হবে... কিন্তু হাতে কি যন্ত্রণা, কি মিষ্টি, কি যে খেয়েছিলাম... উঠতে হবে ... সকাল হয়ে গেছে ...
