Followers

Thursday, December 26, 2024

#৭

 মাটির কাছে, গাছের পায়ে
গড় করি,
যে চিন্তার ভার দিয়েছ মানুষকে,
তা সইবার জন্য হাত বাড়াও, মৃত হও

মৃত হও,
তোমাদের আঁচলে চিন্তা বেঁধে ঘর করব আমরা
তোমাদের প্রতিটা হারানো নিঃশ্বাসে
শর তৈরি হবে।

মৃত হও,
পাশে নিয়ে বসি সাদা খাতা,
যা যা নতুন নয়, যা যা সীমানা দিয়েছে আমাদের
তা নির্মাণ করি আবার
তোমার মৃত্যু দিয়ে ঢেকে দিই পাশব
 
সব কিছু ছেঁটে ফেলেছে ওরা। 
সীমানা বেঁধেছে তোমাতে আমাতে। 
খুনে আসামীর মা হয়ে আঁচল নামাই, দন্ডি কাটি পায়ে পায়ে
শিকড় বের করে আনি মাটি থেকে,
মাথায় মলতে থাকি
বর চাই
কাঁদি 

সে সীমানা রাখতে দাও।
হাজারে হাজারে কবিতার জন্ম আটকিও না,
মৃত হও।
এ ঝোলা ভরে দাও মৃত্যু তোমার, আমার, 
মৃত্যু দাও, 
আগুন জ্বালিয়ে রাখা চিৎকারের।
মৃত্যু দাও,
অবরোধের, নির্মাণের, বিমূর্তের। 

মৃত হও।
লিখতে দাও। 
মৃত্যু দাও চেতনার। 
আমরা তোমায় শিল্প দেব। 
মূক, বধির, কানা, -- চিৎকারের শব দেব। 

শিল্প দেব প্রাণ, তোমায়।
তুমি মৃত হও।
তোমার পায়ে পড়ি। 


- সোমালী (২৬/১২/২০২৪)

Saturday, December 7, 2024

#৪

জলের পাড় ধরে এগিয়ে চলেছে পা দুটো
ঝিঁ ঝিঁ ডাক সইয়ে এসেছে শরীরে এতক্ষণে

জলের ধারে এসে দাঁড়ালে তাপ ওঠে
জলের ধারে ধারে,
তাপ ঘুরে আসে, আত্মা,
চলকে চলকে উড়ে চলেছে জলের উপর দিয়ে

লোকে বলে আলেয়া
কান পেতেছ কি গুনগুন শুনতে পাবে,
তুমি ধরো হারিয়েছ ওদের শুনতে পাওয়া ছন্দ
ধুম - ধু - না ধোঁয়া ধোঁয়া আলেয়ার নেশায় বুঁদ
পা দুটো জেগে থাকে জলের ধারে

মাছ নেই
জলফড়িং ঘুরছে আত্মার হাত ধরে

****

ওরা ধরে ফিরতে বলত 
সাঁঝ হলে 
এদিকে খালিপায়ে ঘরে ফেরার মত
রাস্তা ওরা খোলা রাখেনি

ঘর থাকলেও আর ঘর নেই

****

খুব আওয়াজ 
হাত, মাথা, কান সব খুইয়ে পেট, পা, আর চোখ
জলের নীচে ডুবিয়ে বসে আছে
জলের ভেতরে নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়
শ্বাসনালীতে জল চলে এলে ঝগড়া হয়
বেঁচে থাকা শুনতে পাওয়া যায়।

ওরা বারণ করে কথা বলতে।
নিজের আওয়াজ শোনা পাপ
তুমি ছেড়ে দাও
বিশ্বাস করো,
চামড়ার রঙ এবড়োখেবড়ো সাদা।
ওরা আর সাদা হতে পারে না।
 
তুমি উঠে এলে ওরা জলের
পায়ে শেকল দিয়ে তুলে নিয়ে যাবে।
তাপ, আত্মা, ওরা পথ ধরে ধরে খানিক যাবে
তোমার স্মৃতি ধরে রাস্তা
কতদূর যাবে আর!
 
ছেড়ে দাও। বিশ্বাস করো তুমি বেঁচে আছো।
বিশ্বাস করো একবার কেবল।
ওদের আওয়াজই তোমার আওয়াজ।
তুমি কেবল একটু বিশ্বাস করলেই বেঁচে যাবে। 


- সোমালী (৭/১২/২০২৪)

Tuesday, December 3, 2024

দোয়া

শরীরে না থাকলে বেশ হত। 

বিশাল বড় পাথর চাপা পড়েছে সেসব
স এর পিঠেষ উঠে বসেছে
ভেঙে ফেলেছে বেতের ঝুড়ি, আজান, ঝড় 
আগুনের কাছে চলে যাচ্ছে চাপে
গলে গিয়ে সিসা পড়ে থাকবে অথবা ঘাম
আমি ভুলে গিয়ে তোমার শরীরে মিশে যাবো অজান্তে
অজান্তে তোমায় পেয়েও হারিয়ে ফেলব

দেওয়ালে দুটো বিছে দাঁড়িয়ে ছিল সেদিন
আমি শান্তিতে ঘুমিয়েছি অথচ

শরীরে ভুলে গেলে কিম্বা হারিয়ে ফেললে
ভালো থাকা যায়। 
খুব সহজেই হারিয়ে ফেলা যায়। 

শরীরে না থাকলে পিছন ফিরে তাকালেও 
ধরা পড়ার ভয় নেই। 

Monday, December 2, 2024

আমি আসলে মিথ্যে কথা বলেছিলাম

দরজার বাইরে ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়েছি যতদিন

রোজ রাতে নিয়ম করে সে ভিক্ষাপাত্র
আমি নিজে থেকে উল্টে দিয়ে চলে গেছি
দিয়েছিলে তো ওই নীরবতা দুবেলা 
দয়ারও তো পরনে কাপড় লাগে বটে 

দরজায় ভিক্ষুক দাঁড় করিয়ে এই যে
নিশ্চিন্তে করুণানিধির দশটি উপায় অভ্যেস করছ
শিকড় জড়িয়ে প্রেম দিই না কাউকে আমরা কখনও
ভিক্ষাপাত্রে কিছুই জমা পড়বে না তাই, ..

চিৎকার করে ঘোষণা দিয়েছি
ফেলে দাও
যে যেখানে দাঁড়িয়েছ আজ
পাথরের ভারী ভিক্ষুকের আভরণ যা যা কিছু
ফেলে দাও! 
উল্টে দাও, করুণা বাতাস যা কিছু জমেছে
ওদেরই পায়ে ফেলে দাও পাত্র 

এরপর ওরা খুঁজবে কাকে কিছু
উচ্ছিষ্ট দেওয়া যায়
ওদের করুণা গিয়ে জমা হোক ওদের বিছানায়, ঘরে
বুকে উথলে উঠলে দুধ,
স্তন চেপে দৌড়ে বেড়াবে দোর ধরে
ভিক্ষা দিতে চেয়ে নাক ঘষবে মাটিতে
ওদেরই খুঁজতে বোলো কোথায় পাত্র পাওয়া যায়
ভিক্ষা যাদের গায়ে রোজ ফিরে ফিরে আসে,
নাঙ্গা হয়ে ভিক্ষাপাত্র হাজারে একটা জন্মায়।। 

-  সোমালী (1/12/24)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...