মাটির কাছে, গাছের পায়ে
গড় করি,
যে চিন্তার ভার দিয়েছ মানুষকে,
তা সইবার জন্য হাত বাড়াও, মৃত হও
মৃত হও,
তোমাদের আঁচলে চিন্তা বেঁধে ঘর করব আমরা
তোমাদের প্রতিটা হারানো নিঃশ্বাসে
শর তৈরি হবে।
মৃত হও,
পাশে নিয়ে বসি সাদা খাতা,
যা যা নতুন নয়, যা যা সীমানা দিয়েছে আমাদের
তা নির্মাণ করি আবার
তোমার মৃত্যু দিয়ে ঢেকে দিই পাশব
সব কিছু ছেঁটে ফেলেছে ওরা।
সীমানা বেঁধেছে তোমাতে আমাতে।
খুনে আসামীর মা হয়ে আঁচল নামাই, দন্ডি কাটি পায়ে পায়ে
শিকড় বের করে আনি মাটি থেকে,
মাথায় মলতে থাকি
বর চাই
কাঁদি
সে সীমানা রাখতে দাও।
হাজারে হাজারে কবিতার জন্ম আটকিও না,
মৃত হও।
এ ঝোলা ভরে দাও মৃত্যু তোমার, আমার,
মৃত্যু দাও,
আগুন জ্বালিয়ে রাখা চিৎকারের।
মৃত্যু দাও,
অবরোধের, নির্মাণের, বিমূর্তের।
মৃত হও।
লিখতে দাও।
মৃত্যু দাও চেতনার।
আমরা তোমায় শিল্প দেব।
মূক, বধির, কানা, -- চিৎকারের শব দেব।
শিল্প দেব প্রাণ, তোমায়।
তুমি মৃত হও।
তোমার পায়ে পড়ি।
- সোমালী (২৬/১২/২০২৪)
No comments:
Post a Comment