জলের পাড় ধরে এগিয়ে চলেছে পা দুটো
ঝিঁ ঝিঁ ডাক সইয়ে এসেছে শরীরে এতক্ষণে
জলের ধারে এসে দাঁড়ালে তাপ ওঠে
জলের ধারে ধারে,
তাপ ঘুরে আসে, আত্মা,
চলকে চলকে উড়ে চলেছে জলের উপর দিয়ে
লোকে বলে আলেয়া
কান পেতেছ কি গুনগুন শুনতে পাবে,
তুমি ধরো হারিয়েছ ওদের শুনতে পাওয়া ছন্দ
ধুম - ধু - না ধোঁয়া ধোঁয়া আলেয়ার নেশায় বুঁদ
পা দুটো জেগে থাকে জলের ধারে
মাছ নেই
জলফড়িং ঘুরছে আত্মার হাত ধরে
****
ওরা ধরে ফিরতে বলত
সাঁঝ হলে
এদিকে খালিপায়ে ঘরে ফেরার মত
রাস্তা ওরা খোলা রাখেনি
ঘর থাকলেও আর ঘর নেই
****
খুব আওয়াজ
হাত, মাথা, কান সব খুইয়ে পেট, পা, আর চোখ
জলের নীচে ডুবিয়ে বসে আছে
জলের ভেতরে নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়
শ্বাসনালীতে জল চলে এলে ঝগড়া হয়
বেঁচে থাকা শুনতে পাওয়া যায়।
ওরা বারণ করে কথা বলতে।
নিজের আওয়াজ শোনা পাপ
তুমি ছেড়ে দাও
বিশ্বাস করো,
চামড়ার রঙ এবড়োখেবড়ো সাদা।
ওরা আর সাদা হতে পারে না।
তুমি উঠে এলে ওরা জলের
পায়ে শেকল দিয়ে তুলে নিয়ে যাবে।
তাপ, আত্মা, ওরা পথ ধরে ধরে খানিক যাবে
তোমার স্মৃতি ধরে রাস্তা
কতদূর যাবে আর!
ছেড়ে দাও। বিশ্বাস করো তুমি বেঁচে আছো।
বিশ্বাস করো একবার কেবল।
ওদের আওয়াজই তোমার আওয়াজ।
তুমি কেবল একটু বিশ্বাস করলেই বেঁচে যাবে।
- সোমালী (৭/১২/২০২৪)
No comments:
Post a Comment