(১)
ভেতরে কারা সব মরে যায়
খুব দ্রুত ট্রেন চলে যাচ্ছে
পাদানির কাছে কাছে সরে সরে আসছি,
অথচ নামতে পারছি না
দৃষ্ট সব কিছু থেকেই দূরে দূরে সরে যাচ্ছি
প্রবল আলো এসে এসে গায়ে মাখামাখি
চুল ধরে টেনে ফেলে দিচ্ছে
অথচ ট্রেন থেকে নামতে দিচ্ছে না
ছোট, আরও ছোট হয়ে আসছে দিন,
লোহার টিনে বন্দি হয়ে ভেসে যাচ্ছি,
ভেঙ্গে যাচ্ছি দিব্য
****
(২)
কে এক মৃত্যুর হাত ধরবে বলে চেয়ে ছিল
হাত কেটে দিয়ে তাকে জীবন দিয়েছে শান্তিবাহিনী
বলেছে মৃত্যু পেতে চাওয়া হারাম
মৃত্যু মেনে নেওয়া পুণ্যের
চোখ জমা দিয়ে দৃষ্টি প্রার্থনা করো, যদি মেলে
জড়িয়ে ধরতে চাওয়া পাপ,
সে উল্টে জড়িয়ে ধরলে মেনে নেওয়াই দস্তুর
সকল মানুষই কেমন
মৃত্যুতে বিবাহিতা হয়ে ওঠে
****
(৩)
এমনও দিনে তারে বলা যায়
প্রজাপতি ঝুঁকতে ঝুঁকতে পেটের কাছে নেমে এসেছে
এলিয়ে পড়ছে ক্রমশ
দিন বদলে এক সময় আর নড়তে না পারার কথা
অর্ধমৃত এক প্রজাপতির গায়ে জীবন বন্ধক রাখা
আমি কপর্দকহীন বৃদ্ধের মত
রাস্তায় উবু হয়ে বসে অপেক্ষা করছি
কিসের বা কেজানে
প্রজাপতির নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা যায় না
পেটে ইট নিয়ে আমি উবু হয়ে বসে আছি
মৃত্যু আমার, নাকি আমি মৃত্যুর সাথে রোজ
দেখা করতে আসি,
কে কার উপর দয়া করব বুঝে উঠি না
এদিকে দাঁড়িয়ে থেকে থেকে ব্যাঙ্কে তালা দিয়ে
সুন্দর চলে যায়
সন্ধ্যে হয়
আমি শুয়ে পড়ি।
- সোমালী (২২/৩/২৬)