মাটি হয়ে পড়ে আছি
বছরের পর বছর গড়িয়ে গেল
এতদিনে বোধয় নিঃশ্বাস পড়ে না আর
শবদেহের উপর দিয়ে বরযাত্রী চলে যায়। ঢাক বাজে, মনে হয় আগুনে গলে যাচ্ছে অশরীরী চেতনা, প্রাণ, নাড়ী।
কত আলো!
কি অসহ্য সব আলো
চারিদিকে প্রচুর উৎসব দিয়ে ঘিরে দিয়েছে ওরা, আমাকে বেরতে দেবে না
বছর তিনেক হয়ে গেল
টান মেরে মেরে নিজের হাত দুটো ছিঁড়ে ফেলার চেষ্টা করছি।
রক্ত মুছতে মুছতে জামাকাপড় লাল হয়ে গেছে
আমায় একটু ঘুমাতে দাও।
ঘোর দাও
মোহ দাও
নেশা দাও
পেরেক দিয়ে গেঁথে দাও জলপাই গাছে
যা হয় করো
এত রক্ত অথচ অঙ্গচ্ছেদ হয়না কিছুতেই।
চিৎকার ও কে যেন পুরষ্কার ভেবে
মাথায় পরিয়ে চলে গেছে
- সোমালী
(দীপাবলি ভাগ দুই - ১/১১/২০২৪)
No comments:
Post a Comment