অটো থেকে নেমেছি বহুক্ষণ হল
রাস্তা পার হতে পারছিনা কিছুতেই।
উলটো দিকে আরকটা অটো এসে দাঁড়িয়েছে
ও ডাকছে আমায়
ওরা কি জানেনা, আমি বাড়ি ফিরতে চাই?
তাহলে আবার রাস্তায় নিয়ে যেতে চায় কেন?
বৃষ্টি পড়ছে দূরে,
এক্ষুনি মাথায় কেবল মেঘ
কপালের মাঝ বরাবর একফোঁটা ঘাম
এগিয়ে আসছে ভ্রু ধরে,
নেমে আসবে,
অন্ধ হয়ে যাচ্ছি অথবা ঘাম
গড়িয়ে ভেসে যাচ্ছে চরাচর
একটা কয়েন পড়ল রাস্তায়,
উজ্জ্বল, হাজারো গাড়ির মাঝে
বেঁচে আছে ধাতুর প্রাণ
শব্দের জোরে প্রমাণ দিয়েছে ওর
আমি আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকব হয়ত
তোমার মুখটা ভেসে উঠেছে রাস্তায়
আমি তাকিয়ে আছি আমার বুকের দিকে
বুক বলতে নেই, নিঃশ্বাস বলতে হয়
তুমি আর ফিরবে না কখনও
রাস্তায় আমাদের সবার মুখ ভেসে উঠছে
দূরে বৃষ্টি পড়ছে কোথাও,
অথবা আমার মাথায়
উলটোদিকে অটোওয়ালা চায় আমি
আবার স্টেশন চলে যাই
কাউকে বোঝাতে পারছিনা,
অটো থেকে নেমেছি বহুক্ষণ হল
অথচ কিছুতেই বাড়ি ফিরতে পারছি না
-- সোমালী (২৫/৮/২৪ থেকে ২২/১০/২৪)
No comments:
Post a Comment