রক্ত সমস্ত জল হয়ে এসেছে
ছোঁয়াছুঁয়ি খেলা
দূর ছেড়ে গিয়ে আরও খানিকটা দূরে
ব্যারিকেড জুড়ে দাঁড়িয়ে আছো
পা কাঁপছে না?
আলকাতরা দিয়ে মুখ মুছে নিয়েছি
আরও নিঃশব্দে মহাসাগর পার করার কথা ছিল বটে,
ক্ষমা করো অথবা
জানিনা এতদূরে আওয়াজ পৌঁছয় কিনা
নয়নতারা ফিরে গেছে ঘরে তার
আমার তো আজও বীজ ছাড়া দেওয়ার কিছু নেই,
হুঁশ আমার ছাই ছাই করে দিই
নেবে?
**
বিপ্লব আমার শখের করাত নয়
সাগর ধরে ধরে পৃথিবী দুভাগ করে ফেলি
তোমার গালের শিরীষ উপত্যকায়
ঘুমিয়ে থাকব যেমন রাষ্ট্র থাকে
ছন্দ আমার বন্ধু কখনও নয়
ছন্নছাড়া, সব ছড়িয়ে ছিটিয়ে ফেলি।
- সোমালী (২৮/১০/২০২৪)
No comments:
Post a Comment