ভাবিনি কোনোদিন।
প্রেমের উত্তর প্রেম হয়,
অথবা নিরুত্তাপ ঘোলাটে চোখ, অথবা ঘৃণা
এমন আদর বেয়ে টুপটাপ শিশিরের মতো দয়া, করুণা
পাত্র বলে যা খুশি তাইই?
চাইলে আবেশ, গ্রহণ, আশ্লেষ,
পরনে কাপড় জড়িয়ে দিয়ে উন্মুক্ততার নাম দেয় লজ্জা
পাথরের পাত্র হাতে পায়ের কাছে দাঁড়াই,
দুই অথবা একটাকা বাটিতে ফেলে দিতে চায়
দিয়ে দিতে চায় কিসব
দিয়ে দিতে চায়
দিয়ে দায়মুক্ত হতে চায়
প্রেমের বদলে শুনেছ কখনও
দুটো টাকা দেয় কেউ?
স্বপ্ন বলে যাকে ডাকো,
সে কখনও চিবুকও ছোঁয় না
বাড়ির দুটো বাসি রসগোল্লা হাতে গুঁজে দেয়
প্রেমের উত্তরে
তুলে নাও ঝরা বেলপাতা,
ঘি মলে নাও তাতে
আগুনে ধরো
জ্বলে জ্বলে কাজল হবে সুর, ভাষা, ক্রিয়া
হৃদে ছুঁইয়ে
সে কাজল চোখে পরিয়ে দাও।
নচেৎ
চুপ করো।
এই পৃথিবীতে আর একটাও
অতিরিক্ত কথার প্রয়োজন নেই।
চুপ করো।
- সোমালী (5/1/24)