Followers

Thursday, October 31, 2024

জন্ম দিয়েছ তবু অবগত করনি

আমরা এক বিস্ফোরক জমির উপর দাঁড়িয়ে রয়েছি

পায়ের তলায় 
দগদগে সব বিষফোঁড়া। 

ওরাই আমাদের জন্ম দিয়েছেন
কিংবা দিয়েছে
আমাদেরই মত সচল ও ভঙ্গুর এক মহলা বাড়ি
অজস্র নকশা উঠেছে দেওয়ালময়

ওরাই আমাদের জন্ম দিয়েছে
বলে উঠে দাঁড়িয়ে আছি ওদেরই দিকে
আঙ্গুল তুলেছি, কত সর্বস্ব লাগে

কত সর্বস্ব লাগে
সমস্ত ছুঁড়ে ফেলে দেওয়ার আগে
পিছল পথের আগল ধরে দাঁড়াই
কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছি না

তল, বল, নিদেনপক্ষে একটা ধুলোকণা 

**

ওরাই আমাদের জন্ম দিয়েছে
জন্মের সময় কেউই বুঝিনি কতবড়
তীর চিহ্ন আছে সুপ্ত
শিক্ষা, মান, যত দুর্বিষহ যন্ত্র বানিয়েছে সব
বিছিয়ে রেখেছে চারপাশে
সব কেমন 
বিশ্বস্ত সব ল্যান্ডমাইন 

কি হবে? জমি ফুটো হয়ে বারুদ বেরিয়ে আসবে

বৃষ্টি হবে তুলোর বারুদ
আমরা সবাই নাক চেপে বসে থাকি
কতদিনে ওরা সবাই আমাদের আবার জন্ম দেবে

আবার শিখিয়ে দেবে যন্ত্র, মন্ত্র, সুখ, দুখ, প্রতিবাদ
কাকে বলে?

কেন বলবেনা কতদূর হেঁটে গেলে
উড়ে যাবে,
উড়ে যায় যাকে চিনি
যাকে জড়িয়ে ধরি, ধরে রাখতে চাই আরও
উড়ে যাবে

উড়িয়ে দেবে?

পরিচয় করাবে ল্যান্ডমাইনের সাথে,
অথচ নিজের সাথে নয়? 

**

ওরাই আমাদের জন্ম দিয়েছে বলে
বারবার ভেঙে দেবে যতকিছু
গড়ে তোলা যায়? 

কাছে এসে দাঁড়াবে,
মেপে নেবে রক্ত ছুটেছে কতটুক
ব্যস? 

**

ভাঙা বাড়ির সাথে পরিচয় হলে
সে পরিচয় বয়ে বেড়াতাম অনুরাগে
তবু প্রাসাদ সবের সাথে পরিচয় হয়

তারপর এই। 


- সোমালী (৩১/১০/২০২৪)

Monday, October 28, 2024

চৈত্র মাস

রক্ত সমস্ত জল হয়ে এসেছে
ছোঁয়াছুঁয়ি খেলা 
দূর ছেড়ে গিয়ে আরও খানিকটা দূরে
ব্যারিকেড জুড়ে দাঁড়িয়ে আছো
পা কাঁপছে না? 

আলকাতরা দিয়ে মুখ মুছে নিয়েছি
আরও নিঃশব্দে মহাসাগর পার করার কথা ছিল বটে,
ক্ষমা করো অথবা

জানিনা এতদূরে আওয়াজ পৌঁছয় কিনা
নয়নতারা ফিরে গেছে ঘরে তার
আমার তো আজও বীজ ছাড়া দেওয়ার কিছু নেই,
হুঁশ আমার ছাই ছাই করে দিই
নেবে?

**

বিপ্লব আমার শখের করাত নয়
সাগর ধরে ধরে পৃথিবী দুভাগ করে ফেলি
তোমার গালের শিরীষ উপত্যকায়
ঘুমিয়ে থাকব যেমন রাষ্ট্র থাকে
ছন্দ আমার বন্ধু কখনও নয়
ছন্নছাড়া, সব ছড়িয়ে ছিটিয়ে ফেলি। 

- সোমালী (২৮/১০/২০২৪)

Tuesday, October 22, 2024

দি ... (১)

অটো থেকে নেমেছি বহুক্ষণ হল
রাস্তা পার হতে পারছিনা কিছুতেই।

উলটো দিকে আরকটা অটো এসে দাঁড়িয়েছে
ও ডাকছে আমায় 

ওরা কি জানেনা, আমি বাড়ি ফিরতে চাই? 
তাহলে আবার রাস্তায় নিয়ে যেতে চায় কেন?

বৃষ্টি পড়ছে দূরে,
এক্ষুনি মাথায় কেবল মেঘ
কপালের মাঝ বরাবর একফোঁটা ঘাম 
এগিয়ে আসছে ভ্রু ধরে, 
নেমে আসবে, 


অন্ধ হয়ে যাচ্ছি অথবা ঘাম
গড়িয়ে ভেসে যাচ্ছে চরাচর
একটা কয়েন পড়ল রাস্তায়,
উজ্জ্বল, হাজারো গাড়ির মাঝে
বেঁচে আছে ধাতুর প্রাণ
শব্দের জোরে প্রমাণ দিয়েছে ওর  
আমি আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকব হয়ত
তোমার মুখটা ভেসে উঠেছে রাস্তায় 

আমি তাকিয়ে আছি আমার বুকের দিকে
বুক বলতে নেই, নিঃশ্বাস বলতে হয় 

তুমি আর ফিরবে না কখনও
রাস্তায় আমাদের সবার মুখ ভেসে উঠছে

দূরে বৃষ্টি পড়ছে কোথাও,
অথবা আমার মাথায়
উলটোদিকে অটোওয়ালা চায় আমি
আবার স্টেশন চলে যাই

কাউকে বোঝাতে পারছিনা,

অটো থেকে নেমেছি বহুক্ষণ হল
অথচ কিছুতেই বাড়ি ফিরতে পারছি না 

 -- সোমালী (২৫/৮/২৪ থেকে ২২/১০/২৪)

Monday, September 9, 2024

দি.. (২)

জখমের মাস যায়, যায়, যায়, যায়
প্রজাপতি মাথা নাড়ে,
জমে যায়
ধীরে, ধীরে, ধীরে 

ছায়া ধরে ধরে এগোই,
মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা
কিছু দেখতে পাবে না বলে
নিভিয়ে দিয়েছে যা যা দেখা যায়

শিশিরের আওয়াজ হয়
ভেসে ওঠে শৈত্য 
আল বেয়ে হ্যারিকেন হেঁটে যায়
সারি সারি হাত পা হেঁটে যায়
ওরা মাথা খুঁজে পাচ্ছে না,
কিম্বা কুয়াশার দিকে আরও এগোচ্ছে
গায়ে গায়ে জুড়ে এলে শীত বাড়ে
দৈর্ঘ্যে বাড়ে পোড়ামাটি ঘোলাটে চোখগুলো দেখা যায়

কারা ওদের হয়ে
ওদের দেখা দেয়
ওদের হয়ে দেখে দেয়
ওদের দেখা শেষ হয় না,
অথবা এই হয়ে এসেছে

পাটগাছের আড়ালে লুকিয়ে আছি
একমাস হল
শিশিরের গন্ধ আর ভালো লাগছে না
জখমের মাসের গায়ে দুর্গন্ধ হয়ে গেছে আশার 

আমায় হতাশা দাও।
ছেড়ে দাও। 
আমাকে জলা থেকে তুলে সমুদ্রে ফেলে দাও
আবার পুড়িয়ে ফেলো 
নামহীন, বস্ত্রহীন, দেহহীন, দ্রোহজল, জল, জল, জল
চারিদিক
আমি পচেগলে যাচ্ছি আজ একমাস

*******************

জখমের মাস শেষ হলে 
মাথায় চাঁপা ফুল
সূর্যের কাছে গিয়ে বসব

জখমের মাস শেষ হলে
দুপুরের দুপুর হয়ে
হাতপাখার হাওয়া খাব

জখমের মাস শেষ হলে
আবার অসুস্থ হব
মৃত্যুর মাথায় হাত রেখে
আবারও পাশ ফিরে শোব

জখমের মাস শেষ হলে
আবার জল খাব

জল, জল, জল,
তোমরা একটু জল দেবে?

একমাস হল আজ
নামহীন, বস্ত্রহীন, দেহহীন, শব্দহীন
নিরন্তর জেগে আছি
পচে পচে যাচ্ছি আরও যেন

- সোমালী (৮/৯/২৪)

Monday, August 19, 2024

#২

এক মৃত্যু থেকে আরেক মৃত্যু পর্যন্ত মানুষ ঘুমিয়ে থাকে।
 
 যখন ঘুম থেকে ওঠে,
বিছানা চাদর ওলটপালট করে জানলা খুলে দেয়
ঘরের হাওয়া নড়ে যায়
কত কাঁচের গ্লাস চাদরের স্বপ্ন ভেঙে পড়ে থাকে
 
উঠে আরও কিসব করে।
পূজো দেয়।
বিশাল বিশাল জনসংখ্যা একসাথে এসে রান্না করে।
খায়। যজ্ঞ করে।
 
বিকেল হয়ে এলে গাছ লাগায়।
সুগন্ধী ফুল গাছ। 
 
*
 
আমায় কয়েকটা সুগন্ধী এনে দে
জানলার গোড়ায় বেঁধে দিই।
আবার ওরা ঘুমাতে যাবে।
রাত হয়ে আসছে।
আবার
 
রাত হয়ে আসছে দেখ্‌।
 
- সোমালী (১৮/৮/২৪)
 
 
 
(২০১৫ র অক্টোবরে দিদার মৃত্যুর পর প্রথম অনুভব করি দুই মৃত্যুর মাঝের ঘুম। এই বোধের বীজ তখনকার। তখনও ২০১৩ র ডিসেম্বরে সেজো মামার মৃত্যুর স্মৃতি তাজা। গত কদিন ভুলতে পারছি না। যে কোন মৃত্যু আমাকে ওই ঘুমের দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়।)

 

Saturday, August 10, 2024

জীবাশ্ম

কয়েক হাজার বছর হয়ে গেল
ট্রেনে আর ওঠা যায় না
 
একটা লোক, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ে,
তারপর ধীরে ধীরে প্ল্যাটফর্ম ধরে নেমে আসতে থাকে।
ট্রেন গতি পেতে পেতে লোকটা ছোট হয়ে যায়
কিন্তু প্ল্যাটফর্ম বেয়ে নেমে আসার গতিটুকু
থেকে যায়। 
 
গ্রামের অপঠিত, নিরক্ষর, বিধবা মাঈদের মনে
গীতাপাঠের মত। 
 
সেই যে রথ থামিয়ে ঘুরে বসেছে
কি যেন বলবে, বলছে ...
ওর কোন অতীত নেই, ভবিষ্যৎ নেই
এক অনিবার্য বর্তমানের মত
গতকালও ঘটেছিল, আজও ঘটছে, আগামীতেও ঘটবে।
 
***
 
লিখতে লিখতে ভাবছিলাম, 
 
কয়েক লাখ বছরও হয়ে গিয়ে থাকতে পারে,
ট্রেনে আর ওঠা যায় না। 
পৃথিবীর যে কোন প্রান্তে বুঝি জানলা বা দরজা দিয়ে উঁকি দিলেই আবার কেউ হাত নেড়ে প্ল্যাটফর্ম বেয়ে নামতে শুরু করবে। 
 
ছাই হয়না, মুছে যায় না, বরং
কোন সমুদ্রের নাভিতে, কলজায়
চাপে-তাপে, নিথর, কেবল
ফসিল হয়ে আছে। 
 
দৃশ্য অথচ অদৃশ্য
নেই, অথচ থাকার প্রমাণ আছে
এদিকে থামার নাম নেই

***

রোজ একবার করে অজস্র চিহ্নের গা বেয়ে উঠি 
জীবাশ্ম মগডালে রেখে নেমে আসি

একবার তো ট্রেন থেকে নেমে পড়তেও পারতাম?

- সোমালী (১০/৮/২৪)

Thursday, August 8, 2024

ধাত্রী

মৃত্যু আসলে মৃত্যুর মধ্যে নেই।

যে ছেলেটা দুঘন্টা ধরে প্রেমিকাকে ফোনে পায়নি,
নিঃশ্বাস নিতে একেবারে ভুলে গেছে বলা ভুল হবে
তবে নিঃশ্বাস নিতেও তো পারছে না

বিছানায় মিশে যাওয়া মায়ের শরীর
কাঠবেড়ালীর মত চোখের মণি
বাঁচাবে ঠিক, তবু বাঁচাতে চাইছে না যে মেয়েটা

থ্রু ট্রেন আসছে জেনেও
লাইন ধরে হেঁটে চলেছে যে অর্ধদেহী
মানুষটা বেঁচে নেই বললেও ভুল হবে
তবে বেঁচে আছে, এমনটাও তো নয়

শীত যদি নদী হত,
ওই পাড়ে যে জ্বালা পড়ে আছে
শুকনো পাতার হাড়ে হাড়ে যে অনিশ্চয়তা,

পাশাপাশি শুয়ে থাকা দুটো 
নগ্ন রোবট
আসবে, তবু 
দুজনেই জানে, 
নাও যেতে পারত, কিন্তু
কন্ঠির খুব কাছে এসেও কেউ কেউ ফিরে গেছে

একটা সোজা মানুষ, ভাঙতে শুরু করেছে
বুকের মাংস খুলে পায়ের তলায় রগড়াচ্ছে
পড়ে গেলে আর প্রেমের দাম নেই
যে জেনে গেছে

পরস্ত্রী নাকি জলের প্রাসাদ,
প্রেম নিইনি, অথচ
ওবিচুয়ারি লিখেছি মলাট দেওয়া খাতায়
 
মরিনি বলে নিগ্রহ করেছি জীবনকে,
পিটিয়েছি, বলেছি 
মৃত্যুর আগে অব্ধি তুই আমাকে মেরে দেখা!

এরপরেও, 

এরপরেও তোমায় বোঝাতে পারব না,
জীবনের মধ্যে যতটা মৃত্যু আছে,
তা আসলে মৃত্যুর মধ্যেও নেই?

- সোমালী (৮/৮/২৪)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...