নীরবতা ছন্দ গাঁথো
এত আবছায়া সত্যি হতে পারে না
অহংকার আর বিনয়ের মাঝে পৃথিবীর প্রতিটা কণা
ভয়ে ভয়ে জেগে আছে
পারা না পারার মাঝখানে রোজ ভাত পুড়ে যায়
অহমের মাথার উপর কাঁচের ছাদ দিয়ে গেছে
বিনয়ের পায়ের কাছে কাঁচের ছাই
কেউ আর উড়তে পারে না,
কারোর আর নড়ার উপায় নাই
নীরবতা, ছন্দ গাঁথো
আজ আবারও তুমি পেরিয়ে গেছো ভাষা
পেরিয়ে গেছো ইচ্ছে, ঈশ্বর, ভূত, ভক্তি, প্রেম
হাঁটবে কিছুদূর, বিন্দু হবে শেষ
শব্দ নিভে যায় তৃষ্ণা উপশম
খিঁচ ধরে উঠছে কেবল
বিন্দু সরে সরে স্থির হয়েছে সমুদ্র অগভীর
স্বপ্নে কাকে যেন কোলে নিতে বলো
মানে, মানে করে পৃথিবী পাগল হয়ে গেছে
একটা হাসি ছুঁতে পারেনি কেন ওরা
পারবে না আর বলো, মাথায় জোনাকি
সরে সরে, জ্বলে নেভে,
আগুনের হল্কার মাঝে মাথাটা কেমন জ্বলে
নীরবতা?...
ছন্দ গাঁথো
এ বিশাল সমুদ্রে তোমার ভাষা জানে এমন একটি প্রাণী নেই
এ বিশাল সমুদ্রে তোমার ভাষা জানে এমন একটি প্রাণী নেই
অনুবাদ করো, যত্নে কেটে ফেল হংসধ্বনি
সরল যোগ বিয়োগে বুঝে নেবে ওরা ওদের মন মত বিষ
পড়ে থাকবে ছন্দই কেবল
অনন্ত, সহাস্য, ধিক্কার তোমার জন্য,
নীরবতা...
ছন্দ ধরো হাতে
চলতে থাকি যেমন, চলতে থাকো তুমি
বৈঠার দাম বেশি, মাথাটি কেটে নাও, সবাই নিশ্চিন্ত হবে
তোমার দেহটি খুঁজে পেলেই নিশ্চিন্ত ওরা,
নীরবতা...
মাঝে মাঝে খুব ছন্দ বসিয়ে কথা বলতে ইচ্ছে করে।
- সোমালী (১৮/৩/২০২৪)