Followers

Tuesday, April 14, 2026

আসন #১

তিলে তিল ঘষে মৃত দেবতাদের পারলে নামিয়ে এনো
আমার গর্ভে ফেরত আনব তুখড় মানব শিশু 
বর্তমান সাজিয়ে অতীতে প্রমাণ ফেরত পাঠাব সফল ভবিষ্যৎ
আমার অধিকার থালায় সাজিয়ে ফেরত দাও
গা ছুঁয়ে বল শরীর সত্যি
পেট ছুঁয়ে বল মৃত্যু সত্যি
নাভি ছুঁয়ে বল আকার সত্যি

একবার নয়, 
বারবার ছুঁয়ে বল "আমি ভুল", 
নইলে তোমার অতীতের কাঁকন বেড়ি নামিয়ে
তোমার হাতেই পরব
আরবার বলে আসব তুমি আসন রুদ্ধ করেছ
তুমি দায়ী।
তুমি মৃত্যুকে জীবনের দোহাই দিয়ে বাঁচিয়ে তুলতে পারো না
তুমি হিংসাকে আদর করে শান্ত করে ফেলতে পারো না।

****

তোমাকে আমারই মত হাসতে হবে
তোমার রক্তবীজ নাড়ি পচিয়ে তুলবে
ওয়াক করে ফেলে দেবে সম্ভাবনা।
আমি তোমার চোখে চোখ রেখে বলতে চাই, দেখো,
- কেমন লাগে? 
গায়ে হাত বুলিয়ে দেব তোমার? 

আমার অনেক ক্ষতে মলম দেওয়া বাকি ছিল
আমি ক্ষত খুঁজেছি অক্লান্ত

মৃত্যুর পর পথে পথ লাগিয়ে টেনে ধরেছি 

ক্ষত দাও আমায়
এখনও অনেক মলম লাগানো বাকি
তোমার শরীর খুলে কোমল জ্বর দেখিয়ে দাও
আমার কাছে অনেক মলম জমে গেছে

- সোমালী
(১৪.০৪.২০২৬) 

Sunday, March 22, 2026

মরণ

(১)

কেমন বোবাপানা চেয়ে থাকি মাঝেমাঝে
ভেতরে কারা সব মরে যায়

খুব দ্রুত ট্রেন চলে যাচ্ছে
পাদানির কাছে কাছে সরে সরে আসছি, 
অথচ নামতে পারছি না
দৃষ্ট সব কিছু থেকেই দূরে দূরে সরে যাচ্ছি

প্রবল আলো এসে এসে গায়ে মাখামাখি 
চুল ধরে টেনে ফেলে দিচ্ছে
অথচ ট্রেন থেকে নামতে দিচ্ছে না

ছোট, আরও ছোট হয়ে আসছে দিন,
লোহার টিনে বন্দি হয়ে ভেসে যাচ্ছি, 
ভেঙ্গে যাচ্ছি দিব্য

****

(২)

কে এক মৃত্যুর হাত ধরবে বলে চেয়ে ছিল
হাত কেটে দিয়ে তাকে জীবন দিয়েছে শান্তিবাহিনী
বলেছে মৃত্যু পেতে চাওয়া হারাম
মৃত্যু মেনে নেওয়া পুণ্যের
চোখ জমা দিয়ে দৃষ্টি প্রার্থনা করো, যদি মেলে

জড়িয়ে ধরতে চাওয়া পাপ,
সে উল্টে জড়িয়ে ধরলে মেনে নেওয়াই দস্তুর

সকল মানুষই কেমন 
মৃত্যুতে বিবাহিতা হয়ে ওঠে

****

(৩)

এমনও দিনে তারে বলা যায়

প্রজাপতি ঝুঁকতে ঝুঁকতে পেটের কাছে নেমে এসেছে
এলিয়ে পড়ছে ক্রমশ
দিন বদলে এক সময় আর নড়তে না পারার কথা

অর্ধমৃত এক প্রজাপতির গায়ে জীবন বন্ধক রাখা
আমি কপর্দকহীন বৃদ্ধের মত
রাস্তায় উবু হয়ে বসে অপেক্ষা করছি
কিসের বা কেজানে 

প্রজাপতির নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা যায় না
পেটে ইট নিয়ে আমি উবু হয়ে বসে আছি
মৃত্যু আমার, নাকি আমি মৃত্যুর সাথে রোজ
দেখা করতে আসি,
কে কার উপর দয়া করব বুঝে উঠি না

এদিকে দাঁড়িয়ে থেকে থেকে ব্যাঙ্কে তালা দিয়ে 
সুন্দর চলে যায়
সন্ধ্যে হয়
আমি শুয়ে পড়ি।


- সোমালী (২২/৩/২৬)

Saturday, March 21, 2026

#১০

ছোপ ছোপ কবিতা ফেলে রেখেছে
কালকে হোলিকা দহনের সময় আমি পেড়ে এনে
বিবাহপূর্ব বউয়ের নখরা বিছিয়ে রাখব 
শেষ কিছু আলো চোখের ওপর পড়বে বলেই ঘুলঘুলির মাঝে অমন দৃষ্টিজঞ্জাল, 
বছরের পর বছরের সত্যি, ছবি ছবি ছবি ছবি ... সব ছবি করে দাও ছিঁড়ে ছিঁড়ে

পাহাড়ের ধার ধরে নদী ঝুলিয়ে রাখো, 
ফুলের ধারে লক্ষ্মীপেঁচা টাঙিয়ে দাও
ফেলে ছড়িয়ে রাখো যাবতীয় নোংরা আবেগের ধ্বংসস্তূপ
বৃষ্টি জড়িয়ে নেমে আসব আমি। 
আমায় মিশে যেতে দাও।
বহুদিন হল আলো নেই, 
আমায় অন্ধকারের মধ্যে মিশে যেতে দাও,
যদি শান্তি পাই।

(ডিসেম্বর, ২০২৫; মার্চ, ২০২৬)

Tuesday, March 3, 2026

কিম্বা কথোপকথন

 - শহরের গায়ে কেমন গন্ধ! টের পেয়েছ? শ্রাবণী, টকটক!
- অনেকগুলো প্রাণ এতদিন ধরে একসাথে পুড়তে পুড়তে শহরের গা বেয়ে অম্ল নামছে শেষে
- তুমি ফিরবে কবে?
- কোথায়?
- যেখানে যেখানে যাওয়ার?
- খালগুলোকে ড্রেন না বানালে চলছিল না? যাওয়ার নামেই ছুটি নিই, কিন্তু আসলে কোথাও ফেরার নেই
- ভুলতে তোমরা কত নাও? 
- ভুলতেও সাহায্য নেবে? 
- মেট্রো স্টেশনের গা দিয়ে দেখলাম সাবধানের বেড় পরিয়ে রেখেছে। আমার ওগুলো বেয়ে ঝুলতে ইচ্ছে করে...
- আবার নেমে আসবে তো? 
- তুমি আবার মা হয়ে ওঠো! অথবা কঞ্চির মাথা চিরে দুবারে চোখ লাগিয়ে দেব। নেমে এসে শূলের ডগায়
- রেলিং এর ফাঁকে দেখো এক প্রেতাত্মা আলোয় ভর করে শূণ্যে ছুটে চলেছে
- আমি নেমে এসেছি, তুমি একটু এগিয়ে আসবে? 
- কেকের মত শহরটাকে মাঝামাঝি চিরে দিলে যে বিশ্বাস পাওয়া যায়, তার খুঁটে বাঁধা পড়েছে গলা, নড়তে পারি না চড়তে পারি না । বৃষ্টি হলে ভেজা ছাড়া উপায় নেই আমার। তুমি আমাকে এগিয়ে আসতে বলো? 
- ওই বিশ্বাসেই খালের জলে শিমূল পড়ে। পচা ফুলের মালা গাঁথা শহর আমার। খালের জলে আয়না বিবি সারাদিনে কত মালা গাঁথে, কিছুই তোমাদের গায়ে ওঠে না।
- অন্তত আজ শহরের কানে এক প্রেমিক পলাশ গুঁজে দিয়েছে 
- তোমায় গল্প করতে মানা করেছি না? গল্পের গায়ে গায়ে রক্ত লেগে থাকে
- কিসের রক্ত? 
- বলির। নরবলি। 
- একটা শহরকে বেমালুম নদী বানিয়ে ফেলেছ, গল্পের গায়ে রক্ত দেখো, ভোলার জন্য এজেন্ট চাও 
- নিশ্বাসটা এখনও নিজে নিতে পারি। 
- পোড়া গন্ধ পাও না? নাকি মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে? 
- ফসল কাটো কি শুধুই ফসল কাটবে বলে? তাহলে মাথাই কাটো! মিছে গাছগুলোকে কষ্ট দেওয়া কেন? 
- নিশ্বাসের বাতাস কি রঙহীন? 
- পোড়া শহরের রঙ দেখে চিনব? 
- টক বললে জ্বলন বোঝা যায়? 
- আবার তুমি গল্প বলছ কিন্তু! 
- ওই যারা মন্ত্রপূত জল ফেলছে খালে, ওরা কি যাতায়াতের পথ রোধ করছে না? 
- কথায় কথায় যে পথ বসে, তাতে করে দিব্যলোকে চলে যাওয়া যায়। খালের ধারের জোনাকির খাল কৌন্সা যাতায়াতে লাগে! 
- মায়ের কোলে শুয়ে কখনও মনে হয়েছে মায়ের চলাফেরা রোধ করছ? 
- আবার গল্প! 



Monday, October 20, 2025

মন্ত্রপাঠ করো বড় হবে

উল্টোদিকে ঘৃণা দাঁড়িয়ে আছে
ওর মনে হচ্ছে এখন কাজ করার চেয়ে বড় প্রশ্ন বেঁচে থাকার। 
ও এক দৃষ্টে তাকিয়ে আছে অন্ধের মত
নিজের পায়ে পায়ে ঘুরছে
অনেকদূর যাওয়ার আছে বলে আরেকটু অপেক্ষা করে নিচ্ছে

উল্টোদিকে ঘেন্নাকে দাঁড় করিয়ে বেশ রগড় দেখা গেছে
দেখা গেছে ঘাম ঝরিয়ে বৃষ্টি নেমেছে মাঝরাস্তায়
দেখা গেছে উষ্ণশোক, না পাওয়া খরিদ্দার, হঠাত হঠাত পথ হারিয়ে ফেলা মানুষ 
কেমন ভাঁড়ামো করছে রাস্তার মধ্যে

ওর মনে হয়েছে এই যুদ্ধই সর্বজাগতিক এবং ও একা লড়ছে
ওর মনে হয়েছে এতে প্রমাণিত হবে অধিকার, ক্ষমতা
মন্দির তৈরি হবে কবিতার
ওর মনে হয়েছে আরও কত নরবলি, মন্ত্রপাঠ
ওর মনে হয়েছে ঠুকে দিতে হবে শত্রুকে

কেবল ঘেন্নার মুখ চেয়ে 
ভালোবাসার নিজের দিকে চেয়ে ওঠা হল না

- সোমালী
(২০/১০/২৫)

जंग

 दो चार शब्द आसपास खड़े हो जाये तो 
कविताओं से भीड़ जाते हैं
सुनीसुनाई बातों पर निशाना ताके, कन्धोंपे बंदूके,
आगे बढ़ते रहते हैं पता नहीं
दिलके आरपार जाने कौन देगा इनको

इतनी शिद्दत से खुदकुशी की बाते करते रहते हैं जैसे 
दुनिया ने शब्द नहीं, शब्दों ने दुनिया दी हो 
पैर चलते बहुत दूर, धीमी लय,
आंसुओं के दर तक आते 
रुक गए हैं

तमाम जज़्बातो ने रास्ता रोक रक्खा हैं
इजाज़त नहीं
पता चला था यह शब्दों को नहीं पहचानती थी

दो चार शब्द आसपास खड़े हो जाये तो गोलियां चल जाती थी
जज़्बातों को अभी तक डर था
शब्दों को पास आने दिया जाये तो कवितायें मर भी सकती हैं

Saturday, October 4, 2025

চড়াই

তিল থেকে দৃষ্টি ধার করেছি 
আর বেশি দূর দেখছি না যদিও
তবুও ঘাড় গুঁজে অনেকদূর তাকালে দেখা যায় মাঝখানে নামের পাহাড়। 

এতদুর এসেও ফিরে যেতে হবে 
বাতিল হয়েছে যত পিলপিল বোদ্ধা শতবাক
মাথার ভেতর আলাদা আলাদা রাষ্ট্র গড়ে তুলেছে,
নামে নামে জাতীয় সঙ্গীত তাদের
লরি ভরে ভরে জঞ্জালের ঢের হয়ে জমছে 

এইতো এইটুকু সামর্থ্য তবু
ভূতের মত দাঁড়িয়ে আছ, সাধ্য নেই তুলে দেয়া
দেওয়ালের বুক পর্যন্ত চড়ে গিয়ে অপেক্ষা করো? 

- ৪/১০/২০২৫


জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...