Followers

Tuesday, April 14, 2026

আসন #১

তিলে তিল ঘষে মৃত দেবতাদের পারলে নামিয়ে এনো
আমার গর্ভে ফেরত আনব তুখড় মানব শিশু 
বর্তমান সাজিয়ে অতীতে প্রমাণ ফেরত পাঠাব সফল ভবিষ্যৎ
আমার অধিকার থালায় সাজিয়ে ফেরত দাও
গা ছুঁয়ে বল শরীর সত্যি
পেট ছুঁয়ে বল মৃত্যু সত্যি
নাভি ছুঁয়ে বল আকার সত্যি

একবার নয়, 
বারবার ছুঁয়ে বল "আমি ভুল", 
নইলে তোমার অতীতের কাঁকন বেড়ি নামিয়ে
তোমার হাতেই পরব
আরবার বলে আসব তুমি আসন রুদ্ধ করেছ
তুমি দায়ী।
তুমি মৃত্যুকে জীবনের দোহাই দিয়ে বাঁচিয়ে তুলতে পারো না
তুমি হিংসাকে আদর করে শান্ত করে ফেলতে পারো না।

****

তোমাকে আমারই মত হাসতে হবে
তোমার রক্তবীজ নাড়ি পচিয়ে তুলবে
ওয়াক করে ফেলে দেবে সম্ভাবনা।
আমি তোমার চোখে চোখ রেখে বলতে চাই, দেখো,
- কেমন লাগে? 
গায়ে হাত বুলিয়ে দেব তোমার? 

আমার অনেক ক্ষতে মলম দেওয়া বাকি ছিল
আমি ক্ষত খুঁজেছি অক্লান্ত

মৃত্যুর পর পথে পথ লাগিয়ে টেনে ধরেছি 

ক্ষত দাও আমায়
এখনও অনেক মলম লাগানো বাকি
তোমার শরীর খুলে কোমল জ্বর দেখিয়ে দাও
আমার কাছে অনেক মলম জমে গেছে

- সোমালী
(১৪.০৪.২০২৬) 

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...