Followers

Tuesday, March 11, 2025

সুতো

(১)
ঈশ্বরের কাছে এতবছর বাদে কেবল এই কারণেই ফেরা
  যাতে এই যন্ত্রণার সাক্ষী থাকে কেউ
 
যন্ত্রণা শব্দটা পছন্দ নয় এতটুকু।
তড়প, পাখাঝটপটানি, আনচান, প্রশ্নবাণে জর্জরিত ভীষ্ম এক
শরশয্যা? এখনও বোধয় পরিষ্কার নয়
হাত জোড় কেন করি মাঝে মাঝে
কী পেতে? আদৌ পেতে? নাকি হারানোর, হারাতে পারার সুখ যদি আবার... 
 
        অবান্তর এইসব প্রশ্নের সাক্ষী থাকে সময়
    জোড় হাত
বিতৃষ্ণা
 
যদি তবুও বা কিছু শুনে থাকে পাথরের মূর্তি
কাঠের ক্রস
সিঁদুর মলা পা
উপরে নাম লেখা প্রসাদের বাক্স
একটা জোব্বা পরা, দাড়িওয়ালা লোক, যার জাত নেই ধর্ম নেই বিশ্বাস কেবল মানুষে
কিম্বা মায়ের ঋণ চুকাতে এসে মৃত্যু দেখে থ হয়ে থাকা চার ভাইবোন

অসুস্থ শরীরে কলকাতার প্রতিটা রাস্তা তন্নতন্ন করে
মহেঞ্জোদারোর পথ খুঁজে বেড়ানো
মরে মজে যাওয়া জলের ধারে
প্রার্থনা করে করে মুখে রক্ত ওঠানো
 
ওই মেয়েটাকে আমি অপহরণ করেছি। 
চতুর্দিকে মৃত্যুর সরঞ্জাম জমিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছি।
কিন্তু কিছুতেই মেরে ফেলতে পারছিনা।  
 
 
 
(২)
কিছুতেই ঘুমোচ্ছে না ও
টিমটিমে আলোতে একটা কালো পাথরের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে
অন্ধকারের স্বাধীনতা মেখে ফেলেছে গায়ে
ধরেই নিয়েছে ওই পাথরের গায়ে বসে একটা বাচ্চা ছেলে
ত্রিশূল আঁকছে একের পর এক
জানতে চাইছে
 
কেমন হল? 
চোখ তো নয়, প্রেতের টান
মানুষ এমন সুতো দেখেনি যেন
 
চেষ্টা করে করে হাতের গোছায় দাগ হয়ে গেছে
বাচ্চাটা নড়ে না, সরে না, খায় না, যায় না
কেবল ত্রিশূল আঁকে, আর চেয়ে থাকে,
 
তুমি শুনেছ নিশ্চই?
আমি আর আলো জ্বালব না
কিছুতেই জ্বালব না, তুমি বলতে পারো
ও কতদিন অন্ধকারে খাদের ধারে দাঁড়িয়ে ত্রিশূল দেখতে পাবে?
 
 
(৩)
 
যেভাবে ঝুলে আছে, 
সেভাবে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। 
 
অপহৃত মেয়েমানুষের এত তেজ থাকারও কথা নয়
সে গোটা মানুষ হোক বা অর্ধেক
শরীর হোক বা প্রেত
 
কে বাঁচায় ওকে 
এত ঈশ্বর ও কোথা থেকে খুঁজে পায়?  
 
(বোধয় আরও যোগ হবে)
 
সোমালী
১১/৩/২০২৫

Sunday, March 2, 2025

আলো

কি অদ্ভুত শান্তিতে অন্ধকার রাতের বারান্দায়
 একটা বিয়েবাড়ি, সেজেগুজে, একা দাঁড়িয়ে আছে

সরসর

কবিতার কানের নিচ দিয়ে গ্লানি গড়াচ্ছে
প্রেমে যে কানের দুয়ার রুখে দেওয়া যেত
দু'চারটে নিঃশ্বাস নাহয় দিয়ে দেওয়া যেত
চাঁদের মাটিতে পা,
হাত ধরে আছে, অথচ চোখ অন্য দিকে
খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে অন্ত্যোষ্টির
বেলা গড়িয়ে সন্ধ্যে নামে,
ঠিক নদী হয় না
ঘাম অথবা রক্ত সরসর করে ছড়াবে হয়ত 
 
কি কোমল শান্ত দু'কলি হতে পারত
অথচ হল না

প্রতিবাদ তুমি শান্ত সুপারি গাছ হও
দেখে যাও, অথচ স্থান নিও না
সদস্যপদ নিয়ে মাসিক চাঁদা দিও
পথ দেখিয়ে সরে দাঁড়িও... জমি যারা কিনবে তারা মুতবে কিনা
বলে দিও না

দোদুল্যমান রুগ্ন হোক শিরদাঁড়া
তোমায় ফাটিয়ে রতিসুখ হোক হাহাপনার
দেশে অতিজাগতিক লড়াই হোক বুক ক্রিকেটের

ইশ কি নিশ্চিন্ত কোমল সাহিত্য হতে পারত
অথচ ঠিক করে কবিতাটাই হল না


- সোমালী
(১/৩/২৫)

Tuesday, February 25, 2025

নিঃশব্দ কলরোল

 ১। 

পিচের উপর শিমূল ডলে ডলে রাস্তা করেছ তুমি
মিছে তাকে রক্ত বলা
মিছে তাকে স্বপ্ন বলা


২। 

অগ্রাহ্য আকাশের গায়ে তারা হয়ে ঝুলে আছি
বিষ জমুক 
আড় মধ্যম স্বপ্নপুঁজের মেলা
চুপচাপ কাঁকড়া চেপে বসে আছি গায়ে
অথবা ফুলিয়ে রেখেছি বুক
যেখানে যতটুকু খুঁটে পাওয়া যায় 

এমনিতেও পেছনের দরজা নেই আকাশের কোনও
 
হাত পেতে ভোগ নেব?
তার চেয়ে শরীর ভাঙে যদি
ঘর ভাড়া দেব ভেবেছি

বলো কি দিয়ে সাজালে আমি
গ্রহণ পাব
দাও, কাজলই ঢেলে দাও গায়ে
ছাই মেখে যোগিনী ভোগের ঘরে
গাঁটে গাঁটে মোচ্ছব 
সাধে জল ভরা খেত সুজ্যে রেখে দিই? 

টেনে গেলে রস-কষ-বিষ, 
ঝাট দেওয়া সহজ হয় 
এক ভাড়াটে সরে গেলে
জল ঢেলে তকতকে করে দেব
কেবল দিবাস্বপ্ন জ্বেলে রাখব তুলসীতলা জুড়ে

দৃষ্টিহীন দেয়ালিপোকা ঘুরে ঘুরে পাশে থাকবে
পাহারা দেবে যোগ
মৃত্যু হয়ে। 


25/2/25
সোমালী


Sunday, January 5, 2025

উত্তর

আসলে এতটা বিধ্বস্ত হবো, আগে তো 
ভাবিনি কোনোদিন। 

প্রেমের উত্তর প্রেম হয়,
অথবা নিরুত্তাপ ঘোলাটে চোখ, অথবা ঘৃণা
এমন আদর বেয়ে টুপটাপ শিশিরের মতো দয়া, করুণা 
পাত্র বলে যা খুশি তাইই?

চাইলে আবেশ, গ্রহণ, আশ্লেষ, 
পরনে কাপড় জড়িয়ে দিয়ে উন্মুক্ততার নাম দেয় লজ্জা
পাথরের পাত্র হাতে পায়ের কাছে দাঁড়াই,
দুই অথবা একটাকা বাটিতে ফেলে দিতে চায়
দিয়ে দিতে চায় কিসব
দিয়ে দিতে চায়
দিয়ে দায়মুক্ত হতে চায়

প্রেমের বদলে শুনেছ কখনও
দুটো টাকা দেয় কেউ? 
স্বপ্ন বলে যাকে ডাকো,
সে কখনও চিবুকও ছোঁয় না 
বাড়ির দুটো বাসি রসগোল্লা হাতে গুঁজে দেয়

প্রেমের উত্তরে 
তুলে নাও ঝরা বেলপাতা,
ঘি মলে নাও তাতে
আগুনে ধরো
জ্বলে জ্বলে কাজল হবে সুর, ভাষা, ক্রিয়া
হৃদে ছুঁইয়ে 
সে কাজল চোখে পরিয়ে দাও। 

নচেৎ 
চুপ করো। 

এই পৃথিবীতে আর একটাও
অতিরিক্ত কথার প্রয়োজন নেই। 

চুপ করো। 

- সোমালী (5/1/24)

Wednesday, January 1, 2025

টুকরোটাকরা #

 Love is like a dot in a some thousand words written in intense cursive handwriting of life. It doesn't matter where it is placed, by whom, how small it is. The writer knows where it is. And only they know how another sentence, sometimes another paragraph had started after that.

Thursday, December 26, 2024

#৭

 মাটির কাছে, গাছের পায়ে
গড় করি,
যে চিন্তার ভার দিয়েছ মানুষকে,
তা সইবার জন্য হাত বাড়াও, মৃত হও

মৃত হও,
তোমাদের আঁচলে চিন্তা বেঁধে ঘর করব আমরা
তোমাদের প্রতিটা হারানো নিঃশ্বাসে
শর তৈরি হবে।

মৃত হও,
পাশে নিয়ে বসি সাদা খাতা,
যা যা নতুন নয়, যা যা সীমানা দিয়েছে আমাদের
তা নির্মাণ করি আবার
তোমার মৃত্যু দিয়ে ঢেকে দিই পাশব
 
সব কিছু ছেঁটে ফেলেছে ওরা। 
সীমানা বেঁধেছে তোমাতে আমাতে। 
খুনে আসামীর মা হয়ে আঁচল নামাই, দন্ডি কাটি পায়ে পায়ে
শিকড় বের করে আনি মাটি থেকে,
মাথায় মলতে থাকি
বর চাই
কাঁদি 

সে সীমানা রাখতে দাও।
হাজারে হাজারে কবিতার জন্ম আটকিও না,
মৃত হও।
এ ঝোলা ভরে দাও মৃত্যু তোমার, আমার, 
মৃত্যু দাও, 
আগুন জ্বালিয়ে রাখা চিৎকারের।
মৃত্যু দাও,
অবরোধের, নির্মাণের, বিমূর্তের। 

মৃত হও।
লিখতে দাও। 
মৃত্যু দাও চেতনার। 
আমরা তোমায় শিল্প দেব। 
মূক, বধির, কানা, -- চিৎকারের শব দেব। 

শিল্প দেব প্রাণ, তোমায়।
তুমি মৃত হও।
তোমার পায়ে পড়ি। 


- সোমালী (২৬/১২/২০২৪)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...