Followers

Tuesday, March 11, 2025

সুতো

(১)
ঈশ্বরের কাছে এতবছর বাদে কেবল এই কারণেই ফেরা
  যাতে এই যন্ত্রণার সাক্ষী থাকে কেউ
 
যন্ত্রণা শব্দটা পছন্দ নয় এতটুকু।
তড়প, পাখাঝটপটানি, আনচান, প্রশ্নবাণে জর্জরিত ভীষ্ম এক
শরশয্যা? এখনও বোধয় পরিষ্কার নয়
হাত জোড় কেন করি মাঝে মাঝে
কী পেতে? আদৌ পেতে? নাকি হারানোর, হারাতে পারার সুখ যদি আবার... 
 
        অবান্তর এইসব প্রশ্নের সাক্ষী থাকে সময়
    জোড় হাত
বিতৃষ্ণা
 
যদি তবুও বা কিছু শুনে থাকে পাথরের মূর্তি
কাঠের ক্রস
সিঁদুর মলা পা
উপরে নাম লেখা প্রসাদের বাক্স
একটা জোব্বা পরা, দাড়িওয়ালা লোক, যার জাত নেই ধর্ম নেই বিশ্বাস কেবল মানুষে
কিম্বা মায়ের ঋণ চুকাতে এসে মৃত্যু দেখে থ হয়ে থাকা চার ভাইবোন

অসুস্থ শরীরে কলকাতার প্রতিটা রাস্তা তন্নতন্ন করে
মহেঞ্জোদারোর পথ খুঁজে বেড়ানো
মরে মজে যাওয়া জলের ধারে
প্রার্থনা করে করে মুখে রক্ত ওঠানো
 
ওই মেয়েটাকে আমি অপহরণ করেছি। 
চতুর্দিকে মৃত্যুর সরঞ্জাম জমিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছি।
কিন্তু কিছুতেই মেরে ফেলতে পারছিনা।  
 
 
 
(২)
কিছুতেই ঘুমোচ্ছে না ও
টিমটিমে আলোতে একটা কালো পাথরের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে
অন্ধকারের স্বাধীনতা মেখে ফেলেছে গায়ে
ধরেই নিয়েছে ওই পাথরের গায়ে বসে একটা বাচ্চা ছেলে
ত্রিশূল আঁকছে একের পর এক
জানতে চাইছে
 
কেমন হল? 
চোখ তো নয়, প্রেতের টান
মানুষ এমন সুতো দেখেনি যেন
 
চেষ্টা করে করে হাতের গোছায় দাগ হয়ে গেছে
বাচ্চাটা নড়ে না, সরে না, খায় না, যায় না
কেবল ত্রিশূল আঁকে, আর চেয়ে থাকে,
 
তুমি শুনেছ নিশ্চই?
আমি আর আলো জ্বালব না
কিছুতেই জ্বালব না, তুমি বলতে পারো
ও কতদিন অন্ধকারে খাদের ধারে দাঁড়িয়ে ত্রিশূল দেখতে পাবে?
 
 
(৩)
 
যেভাবে ঝুলে আছে, 
সেভাবে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। 
 
অপহৃত মেয়েমানুষের এত তেজ থাকারও কথা নয়
সে গোটা মানুষ হোক বা অর্ধেক
শরীর হোক বা প্রেত
 
কে বাঁচায় ওকে 
এত ঈশ্বর ও কোথা থেকে খুঁজে পায়?  
 
(বোধয় আরও যোগ হবে)
 
সোমালী
১১/৩/২০২৫

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...