Followers

Friday, September 29, 2023

এতবার ভুল করি

প্রেম বলে মরীচিকা দেখি

আমারই চিবুক ধরে

না বলা শিখেছে পৃথিবী।


- সোমালী (২৯/৯/২০২৩)

ছাই

"সে জানে আর আমি জানি

আর কে জানে মনের কথা,

যার ভাবে মুড়েছি মাথা।"


ঘর জ্বলে, জান জ্বলে। যত জ্বলে, তত অদৃশ্য হই। ততই যেন শান্ত হয়ে রোজ এসে আগুনের সিংহাসনে বসি। আমার অদৃশ্যতা নিয়ে চুটকি লেখা হয়। শুনি। তলিয়ে যাই আরও। পুড়ে গেলে উঠে ছাই কুড়োই। যেন তাজমহলের মত কিছু একটা বানিয়ে যাব ছাই দিয়েই। আসলে কিছুই হবে না। বুকের ভেতরে এক কর্পূরের প্রদীপ যেন জ্বলছে সেই কোন সভ্যতার আদি থেকে। কার সাথে যেন সে সুবাস, সে আলো, আমায় ভাগ করে নিতে হবে। হাজার হাজার বছর ধরে যেন এক জ্যোতি বয়ে নিয়ে বেড়াচ্ছি। যেন প্রতিবারই, খুব কাছে এসেও দেখি সে আলো তাদের ধরা দেয়নি। দেখেও দেখে না কেউ। কেউ কেউ বিশ্বাস করতে চায় না। কেউ কেউ ভয়ে পালিয়ে যায়। কেউ কেউ বেঁধে রাখে, অত্যাচার করে, হাসাহাসি করে। দিনশেষে কেবল কিছু সুর পড়ে থাকে।  

এই মৃত্যুর কড়া নাড়া শুরু হল বলে। লোকের শারদীয়া, আমার মৃত্যুমুখ। হারিয়ে যাওয়া প্রেমের treasure map। কাটাচিহ্নটা সারাজীবন ঘুরে ঘুরেও খুঁজে পাব না আর। খুব ছোটবেলায় জেঠিমার আসনের পা মেলে বসে থাকা সারদা মায়ের ছবিটা মনে পড়ে। তারপর অপমানের জেরে সরে আসা স্বপ্নে দেখা লক্ষ্মীর ঝাঁপি, গোপাল, রাধা-কৃষ্ণ, সমর্পণ, শিব, দুর্গা, সরস্বতী, মা আনন্দময়ীর তেজ, সব পেরিয়ে একেকটা গাছের সামনে এসে মাথা নত হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে, গাছেদের মাঝে, মাটির কাছে এসে নুয়ে পড়ি, শান্তির খোঁজে জলে নেমে যেতে ইচ্ছে করে। কি ভীষণ অপরাধ প্রেমের পূজায়, আহা! ব্যারাকপুর থেকে বেলুড়, সমস্ত ঘাটে ঘাটে গঙ্গার কাছে গিয়ে বসি। সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে যেতে ইচ্ছে করে। কতবার প্লাস্টিক কুড়িয়ে নেওয়ার ছুঁতোয় এগিয়ে গেছি। কিন্তু এত সাহস কোথায়! 

শরীর আর পুষ্টি নিতে চায় না। যা যা পারত, ভালোবাসত, সব ছেড়ে দিচ্ছে এক নাচ আর সুর ছাড়া। একটা একটা করে দিন কাটে। ভাবি, শেষ হলে কেউ যেন আমায় কবর দিয়ে দেয়। মাটির ঠান্ডায় শুয়ে থাকব। পেটের উপরে ফুল গাছ হবে। ভেজা ঠান্ডায় তখন তো আর শ্বাসকষ্ট হবে না, তখন নিশ্চই একটু শান্তি পাব। আজকের মত আগুন নেভার অপেক্ষায় বসে আছি। ছাই উঠলে বুকের উপরে লেপে নেব। সমস্ত সাধ-সাধ্যের সতেজ সবুজের উপর আদর দিয়ে লেপে দেব পোড়া আনন্দ। শব। কপ্পূরের গন্ধ মাখা।

পূজো আসছে... 

হৃদি

বৃষ্টি, বৃষ্টি করে ওপারে অনন্ত শোক ঝরে,

সুন্দরের ফুল ফোটে, ধীরে


স্পর্শ ধরে, অনুভবের কবিতা হয়ে ওঠার মত ধীরে

সুন্দর এগিয়ে আসে, মেশে, 

বিরহবচন মিথ্যা হয়

এই তো সবে তৃতীয় অঙ্ক, অভিমান দীর্ঘ হবে আরও

আরও অন্তরে ঘনিয়ে আসি কুড়িয়ে দেখি গলে যাওয়া মোম 

সুন্দরের হাসি মাখা

কবচে জড়িয়ে যাই

দূর-নৈকট্য কিছুই বাঁধা মানেনা আর 

দ্বার ধরে প্রকৃতি দাঁড়িয়েছে এসে মূর্তিহীন দুর্নিবার, বোধ


মোমের হেরে যাওয়া তাপ নিই, নিজেও হেরে যাই

শত মিথ্যা কোল থেকে নামিয়ে পশ্চিমের বারান্দায় আদর

কোলে বসে থাকি দুজনায়

ভোর হবে। 

ভোর হবে সুন্দর! 


-২৯/৯/২৩

Wednesday, September 27, 2023

সন্তাপ

 পরের জন্মে আমরা গাছ হবো। 


এই যে কত ছায়া ঘোরে, কেবল গাছেরই গায়ে গায়ে লেগে থাকে। 

তাদেরই প্রকাশ্য নৈকট্য, প্রকাশ্য ঘনিষ্ঠতা প্রকট, অথচ অদৃশ্য

তাদেরই কেবল দূরের আর কাছের মধ্যে কোন পার্থক্য নেই।

কেবল তারাই, হেঁটে চলে যায় না, জারিয়ে নেয়, বদলায়... 

অথচ দেখো, চাইলেই একে অপরের বুকে মাথা রেখে ঘুমাতে পারে না শুধু

 

নাহ, পরের জন্মে তুমি গাছ হবে। আমি লতা।

 

***********

 

 তোমায় কষ্ট দিই না খুব?

জ্বলজ্বলে শিশিরের চিতায় হেমন্ত শুইয়ে রেখে এসেছ তুমি তাই

যে হেমন্তের দিনে শান্তিনিকেতনে আমাকে নিয়ে বিকেলে রবীন্দ্রনাথের গান শুনবে বলেছিলে?

বলিনি না? আমিও দেখেছিলাম, আমি রবীন্দ্রনাথের গান দেখব তোমাতে। 

 

হেমন্তের ভোরে উঠতে শিখেছি সদ্য। শিশিরের গা কুড়িয়ে তোমার গন্ধ তুলে আনি। 

পূজার ঘর থেকে সরিয়ে, অনন্তের ছাদ বাগানে দুটো বাগানবিলাসের পাপড়ি খুলে তাতে মুড়ে তুলে রাখি

সেই পরিত্যক্ত রবিবারের মত।

 

তুমি নীরব নও, আমায় পূবে রেখে পশ্চিমে উড়েছে হাওয়া। 

বছর লেগে গেছে হেমন্তের গায়ে হেমন্ত সইতে সইতে। তুমি সরে গেছ। সরে গেছে হাওয়া। 

ফুলের রেণু যত, সব মেখে আমি একা, বুড়ো ছাতিমের গোড়া ধরে আজও আমাদের হাত পোহাই।

 

শব্দের দিব্যি দাও, আমি যে চিৎকার করেছি কত

টের পেয়েছ? 


*******************


ঘেন্না না, রাগ না, কেবল ব্যথা করে। এই ব্যথা কোথায় যে রাখি! আজকাল চেনাঅচেনা মানুষ যখন বাংলা ব্যকরণ বা বানান শুধরে দিতে আসে, আমার তোমাকে মনে পড়ে। কেমন আমতা আমতা করে বলতে, যেন ইচ্ছে ছিল না তবু... ওই আর কি। নীরবে, আড়ালে, এগিয়ে গিয়ে জড়িয়ে নিয়েছি কত, তুমি টের পাওনি। সামনে থাকা মানুষগুলোও না। তোমার ওই ওইটুকু, ওইটুকু আমার। অথচ কখন তোমাকে মনে পড়ে না বলো? দাহ্য আড়াল ভয়ংকরবাবু! তবু সরাব না। আমার কি বাতাস লাগে না? আমি কি নুড়ি পাথর? আমার চোখে তোমার যতটুকু, সেটুকু আমার। কেবলই

ছোটবেলায় এরকম কষ্ট হত। বছর-পাঁচেক বয়স তখন। মা বাবাকে একদিন রেগেমেগে বলেছিলাম আমি তোমাদের ছেড়ে এত্তদূরে চলে যাব, যে আমাকে আর কোনদিন খুঁজে পাবে না। অথচ বারবার ওরা চলে গেছে, আমি ওই ছাতিম গাছের তলায় চুপচাপ মাথা নিচু করে গোঁজ হয়ে দাঁড়িয়ে ঠায়... আজও দেখো। খুব বৃষ্টি পড়ছে, ভিজে গেছি। ঘরছাড়া রাখালের চেহারা জেনো। হেরে গেছি বটে, আর যেন হারাবার কিছু নাই। 


*****************


মনে রেখো প্রতিটি তপস্যা তাপ, দগ্ধতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করেছিলাম। 

পালিয়ে যাব না বলেছিলাম না?

তবু এত অভিমান? কেবল নীরবতা শুনতে পাইনি বলে? 

বেশ। হারলাম।

কলম, বৈঠা তুলে রাখলাম।

পৃথিবীর সেই প্রাকৃত রূপ যতদিন না তুমিও শুনতে পাও। ততদিনের।

 

আড়ি। 


- ২৭/৯/২৩

Tuesday, September 26, 2023

#৩

কানের পাশ দিয়ে, চোখের উপর দিয়ে একটা ঢেউ বইতে বইতে মাথা থেকে বেরিয়ে ঘরময় ঘুরতে থাকে। ধীরে ধীরে অন্ধকার ঘর মায়ায় চোখ বুজিয়ে দেয়। 

সমস্ত দিনকালের হিসেব ফেলে ওই অন্ধকারে বসে থাকি জোনাকির মতো। আমার আশেপাশে, চাঁদোয়া ধরে থাকে আলো, ছমছমে, বৃষ্টি ধোয়া আলো। বন্ধ চোখের ভেতর দিয়েও দেখতে পাই সেই আলো। ঘিরে থাকে ঘরের মতো। 

ঢেউগুলো আমার গলায় ফিরে আসে মাঝে মাঝে। সাপের মত, সারা গলায় জড়িয়ে শীতঘুম নেয় আরামে। যেন এইখানেই কত জন্ম পর একটু বিশ্রাম করতে পারছে ও। নরম আলোর মধ্যেই হাতড়ে হাতড়ে নিঃশ্বাস গুনি। ওই ঢেউ আমাকে হাওয়ার হিসেব শেখায়। যোগফল, গুণফল যা আসে, বই উল্টে তার উত্তর তো মেলে না। নিঃশ্বাসের প্রতিটা অঙ্ক আলাদা। শরীর বলে যখন ফুলের ঘরে উঠে বসেছি সবে, তখন থেকেই এই ঢেউয়েরা গল্প করতে আসে। একবার নাকি হাত বেয়ে গলার কাছে উঠে এসেছিল, প্রথমবার নাকি আমি রাগ করে তাকে নামিয়ে দিয়েছিলাম। এরপর যখন বাইতে শুরু করে, সেবার নাকি খুব বৃষ্টি। ওই ঢেউয়েরা কখন বাইতে বাইতে বইতে শুরু করে, সূর্যের উপর অভিমান করে সেসময় কথা বলতেও খেয়াল নেই। শরীর বলে সেই নাকি শুরু। আজ তাদের আদরের বাসা আমার গলা, ফুসফুস, মাথা, চোখ, স্মৃতি, কলম, আস্তিন, বৃষ্টি, জমি, নূপুর, জল...... 

আমার সূর্য চলে গেছে বলে বৃষ্টি দিনের উপর অভিমান হয়েছিল। দিনেরবেলা কিসব মাছি পাঠাত ঘরে, ঘরের যত কাগজ, সবুর, কাঠ, সব ছুঁড়ে ছুঁড়ে বিদায় দিয়েছি বিরক্তিকে। দেখব না এইসব। কিচ্ছু চাই না আর। এই এত এত মাছি কেন? কি করব এই দিয়ে? গেছে কেন? কেন চলে গেছে? আঁধার বাড়লে সেই বেয়াড়া মাছিরাই প্রদীপ টেনে ধরেছে। ঢেউয়ের প্রচন্ড আওয়াজ ছাপিয়ে আলো ধরেছে ঘরে। কতদিন সূর্য নেই, বৃষ্টি বৃষ্টি, আর বৃষ্টি ... ঢেউ জড়ানো নিঃশব্দে, ধীরে ধীরে নিঃশ্বাসের নামতা পড়ি। ফিরে ফিরে যাই রাতকে কাঁচকলা দেখিয়ে হাতে হাত; বিপুল সমুদ্রের মাঝে দ্বীপ-বদ্বীপ ছাড়িয়ে ভেসে চলা, পলি আনব বলে, নুন এনে ফেলেছি গলা জুড়ে। আরও কত, আরও কতওদিন বেঁচে থাকব এমন। কিন্তু এই যে বন্ধ চোখেও নরম এই আলো পড়েছে, এইটুকু এই যে ধরেছি প্রাণ। আর ছাড়ন নাই! আজকাল বন্ধ চোখেও দিব্য বুঝতে পারি, রোজ রোজ এই সূর্যের আশায় বৃষ্টি মিশে, ঢেউয়ের জলে কেমন জোনাকি জমে উঠছে প্রতিদিন। রোজের মায়া মিশে অন্ধকার কেমন আলোর জন্ম দিচ্ছে। এই তবে প্রেম? এই ডাক উপেক্ষা করার সাধ্য কি আমার আছে? 
 
"মম শিরসি মণ্ডনং, দেহি পদপল্লবমুদারং"




২৬/৯/২৩

Tuesday, September 12, 2023

চিঠি

মনে হয়, বহুদূরে, 
এক শারদীয়া, নদীর পাড়ে বসে...
তার দৃষ্টিতে বৈঠার কলম...
নদীর শরীর জুড়ে চিঠি লেখা হতে থাকে 
অনবরত চড়া পড়ে,
বৈঠা আটকে যায়...

মোহনা আসবে জেনেও
শারদীয়া নদীর পাড় ধরে হাঁটতে থাকে,
নদী চওড়া হয়... চিঠিও বড় হয়

কথায় কথা বাড়ে, 
মাঝির খেই হারিয়ে যায়
শারদীয়া হাতের, মাথার, হাসির, কাশ
ছুঁড়ে ফেলে জলে...
উজ্জ্বল হাসিতে নদী ভরে যায়
বৈঠা ভাটিয়ালি বোনে,
তবু,
ওপাড় শুনতে পায়না...

জোয়ারের জল ঢুকে গেছে,
কাশের
চোখে-মুখে নোনা জল...
ভাঁটায় হারিয়ে যায় ওরা।
তবু দু-চারটি কাশফুল অক্ষত পৌছোয় ওপাড়ে...

মোহনা কাছে আসতে থাকলে,
শারদীয়ার গতি শ্লথ হয়
দুপাড়ের বুকের পলি জমা হয় চিঠির বুকে

চিঠি ফুরোয়না,
হাতের কাশ ফুরিয়ে যায়...
শারদীয়া ফুরিয়ে যায়......

- সোমালী (১২/৯/২০১৮)

 কথকতা করতে সে আসেনি তো
দেখতে এসেছিল,
চুপ করে শুনতে এসেছিল
নেহাৎ নগণ্য ছিল তবু জ্বলেছে গাছ জ্যান্ত

কথকতা করবেনা তবুও আজ
চিতাছাই ঘাঁটছে আর বিড়বিড় করছে স্রোত
সেই গঙ্গোত্রী থেকে বঙ্গোপের ধার অবধি
বিড়বিড় করছে স্রোত
পাগল হয়ে গেছে নদী।

কথকতা করবেনা বলেই,
শুধু কথা রয়েছে, সুর মুছে দিয়েছে কবেই।
কেবল কথকতা করবেনা বলেই।

সোমালী
২৪ আশ্বিন, ১৪২৯ 🌿

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...