"সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা,
যার ভাবে মুড়েছি মাথা।"
ঘর জ্বলে, জান জ্বলে। যত জ্বলে, তত অদৃশ্য হই। ততই যেন শান্ত হয়ে রোজ এসে আগুনের সিংহাসনে বসি। আমার অদৃশ্যতা নিয়ে চুটকি লেখা হয়। শুনি। তলিয়ে যাই আরও। পুড়ে গেলে উঠে ছাই কুড়োই। যেন তাজমহলের মত কিছু একটা বানিয়ে যাব ছাই দিয়েই। আসলে কিছুই হবে না। বুকের ভেতরে এক কর্পূরের প্রদীপ যেন জ্বলছে সেই কোন সভ্যতার আদি থেকে। কার সাথে যেন সে সুবাস, সে আলো, আমায় ভাগ করে নিতে হবে। হাজার হাজার বছর ধরে যেন এক জ্যোতি বয়ে নিয়ে বেড়াচ্ছি। যেন প্রতিবারই, খুব কাছে এসেও দেখি সে আলো তাদের ধরা দেয়নি। দেখেও দেখে না কেউ। কেউ কেউ বিশ্বাস করতে চায় না। কেউ কেউ ভয়ে পালিয়ে যায়। কেউ কেউ বেঁধে রাখে, অত্যাচার করে, হাসাহাসি করে। দিনশেষে কেবল কিছু সুর পড়ে থাকে।
এই মৃত্যুর কড়া নাড়া শুরু হল বলে। লোকের শারদীয়া, আমার মৃত্যুমুখ। হারিয়ে যাওয়া প্রেমের treasure map। কাটাচিহ্নটা সারাজীবন ঘুরে ঘুরেও খুঁজে পাব না আর। খুব ছোটবেলায় জেঠিমার আসনের পা মেলে বসে থাকা সারদা মায়ের ছবিটা মনে পড়ে। তারপর অপমানের জেরে সরে আসা স্বপ্নে দেখা লক্ষ্মীর ঝাঁপি, গোপাল, রাধা-কৃষ্ণ, সমর্পণ, শিব, দুর্গা, সরস্বতী, মা আনন্দময়ীর তেজ, সব পেরিয়ে একেকটা গাছের সামনে এসে মাথা নত হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে, গাছেদের মাঝে, মাটির কাছে এসে নুয়ে পড়ি, শান্তির খোঁজে জলে নেমে যেতে ইচ্ছে করে। কি ভীষণ অপরাধ প্রেমের পূজায়, আহা! ব্যারাকপুর থেকে বেলুড়, সমস্ত ঘাটে ঘাটে গঙ্গার কাছে গিয়ে বসি। সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে যেতে ইচ্ছে করে। কতবার প্লাস্টিক কুড়িয়ে নেওয়ার ছুঁতোয় এগিয়ে গেছি। কিন্তু এত সাহস কোথায়!
শরীর আর পুষ্টি নিতে চায় না। যা যা পারত, ভালোবাসত, সব ছেড়ে দিচ্ছে এক নাচ আর সুর ছাড়া। একটা একটা করে দিন কাটে। ভাবি, শেষ হলে কেউ যেন আমায় কবর দিয়ে দেয়। মাটির ঠান্ডায় শুয়ে থাকব। পেটের উপরে ফুল গাছ হবে। ভেজা ঠান্ডায় তখন তো আর শ্বাসকষ্ট হবে না, তখন নিশ্চই একটু শান্তি পাব। আজকের মত আগুন নেভার অপেক্ষায় বসে আছি। ছাই উঠলে বুকের উপরে লেপে নেব। সমস্ত সাধ-সাধ্যের সতেজ সবুজের উপর আদর দিয়ে লেপে দেব পোড়া আনন্দ। শব। কপ্পূরের গন্ধ মাখা।
পূজো আসছে...
No comments:
Post a Comment