Followers

Wednesday, September 27, 2023

সন্তাপ

 পরের জন্মে আমরা গাছ হবো। 


এই যে কত ছায়া ঘোরে, কেবল গাছেরই গায়ে গায়ে লেগে থাকে। 

তাদেরই প্রকাশ্য নৈকট্য, প্রকাশ্য ঘনিষ্ঠতা প্রকট, অথচ অদৃশ্য

তাদেরই কেবল দূরের আর কাছের মধ্যে কোন পার্থক্য নেই।

কেবল তারাই, হেঁটে চলে যায় না, জারিয়ে নেয়, বদলায়... 

অথচ দেখো, চাইলেই একে অপরের বুকে মাথা রেখে ঘুমাতে পারে না শুধু

 

নাহ, পরের জন্মে তুমি গাছ হবে। আমি লতা।

 

***********

 

 তোমায় কষ্ট দিই না খুব?

জ্বলজ্বলে শিশিরের চিতায় হেমন্ত শুইয়ে রেখে এসেছ তুমি তাই

যে হেমন্তের দিনে শান্তিনিকেতনে আমাকে নিয়ে বিকেলে রবীন্দ্রনাথের গান শুনবে বলেছিলে?

বলিনি না? আমিও দেখেছিলাম, আমি রবীন্দ্রনাথের গান দেখব তোমাতে। 

 

হেমন্তের ভোরে উঠতে শিখেছি সদ্য। শিশিরের গা কুড়িয়ে তোমার গন্ধ তুলে আনি। 

পূজার ঘর থেকে সরিয়ে, অনন্তের ছাদ বাগানে দুটো বাগানবিলাসের পাপড়ি খুলে তাতে মুড়ে তুলে রাখি

সেই পরিত্যক্ত রবিবারের মত।

 

তুমি নীরব নও, আমায় পূবে রেখে পশ্চিমে উড়েছে হাওয়া। 

বছর লেগে গেছে হেমন্তের গায়ে হেমন্ত সইতে সইতে। তুমি সরে গেছ। সরে গেছে হাওয়া। 

ফুলের রেণু যত, সব মেখে আমি একা, বুড়ো ছাতিমের গোড়া ধরে আজও আমাদের হাত পোহাই।

 

শব্দের দিব্যি দাও, আমি যে চিৎকার করেছি কত

টের পেয়েছ? 


*******************


ঘেন্না না, রাগ না, কেবল ব্যথা করে। এই ব্যথা কোথায় যে রাখি! আজকাল চেনাঅচেনা মানুষ যখন বাংলা ব্যকরণ বা বানান শুধরে দিতে আসে, আমার তোমাকে মনে পড়ে। কেমন আমতা আমতা করে বলতে, যেন ইচ্ছে ছিল না তবু... ওই আর কি। নীরবে, আড়ালে, এগিয়ে গিয়ে জড়িয়ে নিয়েছি কত, তুমি টের পাওনি। সামনে থাকা মানুষগুলোও না। তোমার ওই ওইটুকু, ওইটুকু আমার। অথচ কখন তোমাকে মনে পড়ে না বলো? দাহ্য আড়াল ভয়ংকরবাবু! তবু সরাব না। আমার কি বাতাস লাগে না? আমি কি নুড়ি পাথর? আমার চোখে তোমার যতটুকু, সেটুকু আমার। কেবলই

ছোটবেলায় এরকম কষ্ট হত। বছর-পাঁচেক বয়স তখন। মা বাবাকে একদিন রেগেমেগে বলেছিলাম আমি তোমাদের ছেড়ে এত্তদূরে চলে যাব, যে আমাকে আর কোনদিন খুঁজে পাবে না। অথচ বারবার ওরা চলে গেছে, আমি ওই ছাতিম গাছের তলায় চুপচাপ মাথা নিচু করে গোঁজ হয়ে দাঁড়িয়ে ঠায়... আজও দেখো। খুব বৃষ্টি পড়ছে, ভিজে গেছি। ঘরছাড়া রাখালের চেহারা জেনো। হেরে গেছি বটে, আর যেন হারাবার কিছু নাই। 


*****************


মনে রেখো প্রতিটি তপস্যা তাপ, দগ্ধতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করেছিলাম। 

পালিয়ে যাব না বলেছিলাম না?

তবু এত অভিমান? কেবল নীরবতা শুনতে পাইনি বলে? 

বেশ। হারলাম।

কলম, বৈঠা তুলে রাখলাম।

পৃথিবীর সেই প্রাকৃত রূপ যতদিন না তুমিও শুনতে পাও। ততদিনের।

 

আড়ি। 


- ২৭/৯/২৩

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...