ভরে ভরে আসে পাঁক
শীতল মজুর সব, টেনে নিয়ে যায়
নিয়ে যায় আরো নিয়ে যায় আরো
কাকে যেন ডাকতে হতো,
হয়তো বৃষ্টি আসার ছিল, হয়তো নৌকাডুবি হওয়ার ছিল
অথচ হয়নি।
সুন্দর, খুব সুন্দর টিয়াপাখিরা এসে
সমস্ত ফলের উপর অধিকার রেখে গেছে
আধ খাওয়া ফলে পাতায় গাছতলা ভরে গেছে একেবারে
অথচ সন্ন্যাসী গলায় গামছা, হেঁটে চলে গেছে নিরুত্তাপ।
তার ফেরার ছিল মনে হয় যেন।
কিন্তু ফেরেনি।
************************
অপেক্ষা করা এবং হারিয়ে যাওয়ার মাঝের
অতিদীর্ঘ পৃথিবীতে ভোর দেখতে পাওয়া দুষ্কর।
দিনের মধ্যে কেবল মধ্যাহ্ন রয়ে গেছে।
ছুটি হয় না।
ছুটি হতে চায় না কিছুতেই।
অজান্তেই অপেক্ষা রয়ে যায়
খরস্রোতার খুব অন্দরের শামুকের খোলসের মত।
ক্ষয়ে যাবে কিনা বলা যায় না।
হাওয়া দেয়, ঘূর্ণি পাক দিয়ে ওঠে
একটা মানুষের অবয়ব ক্ষয় না কিছুতেই
তুমি কি হারতে শেখনি স্মৃতি?
কেন এমন অসভ্যের মত দরজায় দাঁড়িয়ে থাকো?
- ২৯/৩/২৪
No comments:
Post a Comment