Followers

Monday, November 6, 2023

পারো

ছেঁড়া ছেঁড়া নাম ভাসে ঘুমের মধ্যে

আজও কাশফুল উড়ে ছড়িয়ে পড়ে

বালিশে, চাতালে- রাত গভীর হলে বৃষ্টি আসে

কোথায় বলি যদি, সে দেশ তো মানচিত্রে নেই

খুঁজবে যে বড়? ধৈর্য কোথায় যে একফালি চাঁদ হাতে

ধরে প্রশ্ন করো, 'পূর্ণগ্রাস চাইনি তো', সাথী হতে চেয়েছিলাম শুধু

অত বৃষ্টি হলে বুঝি কাছের মানুষ আবছা হয়ে যায়

আজকের পূর্ণিমা দেখে সে ইতিহাস ভুলতে পারি সব।


কোথায় কোন তুচ্ছ এক আমবাগানে এক কণা

হেমন্ত পড়ে থাকলে, গোটা শরীর ডাক দিয়ে ফেরে হিজিবিজি বলে

ভুলে গেছে ভেবে আরও জোরে ডেকেছে অশনি সব নামে

আসেনি দেখে নিশ্চিন্ত হয়ে বসেছে গাছতলায়। 


আজকাল বাথরুমের আলোটা খারাপ হয়ে গেছে

নেভেনি তবু। ভুল করে জ্বালিয়ে দিলে 

মাঝরাতে জ্যোৎস্নার মত লাগে স্বপ্নের কাশফুল সব

ভেসে ভেসে থাকে মায়ায়, ওরে বেয়াড়া রে

তবু ডাকবে, ডেকেই যাবে পাগল ঘু ঘু-পনা সব 

এই একফালি ক্লান্ত অসহ্য জ্যোৎস্না

দেখতে নাকি পার হবে সপ্তসাগর, ধুস্‌ !


কে কার শোনে কথা, যেন সাদাজমির লাল পাড় শাড়ি

কোজাগরীর আলো-মাঠের আল ধরে ছুটে চলেছে দেখো

সোনা হয়ে উঠছে, ছায়া হয়ে উঠছে, সেসব দেখাবে  বলে

পায়ে কাদা, চিৎকার শুধু অনন্তের পানে - 'দেব-দা-আ-আ-আ' 'দেব-দা-আ-আ-আ'

নামের গায়ে জ্যোৎস্না-সব বেয়াড়া ক্ষত ধরে...

 

লক্ষ্মীরা সব গ্রাম ছেড়ে বিদেশ চলে গেছে তবু

গাড়ির পেছনে ছুটে চলেছে পারো

 

 

- সোমালী (৬/১১/২৩)

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...