Followers

Sunday, May 25, 2025

#৯

 তুমি শহরময় জড়িয়ে ধোরো একটুকরো 
                                                      দুঃখ
চোখ ছুঁয়ে দেখলে পাপ
কেঁদো না।
শহরের গায়ে ফেলে রেখো প্রতিদান সব
এই যে এত শ্রীহীনতা রেখে যাচ্ছ,
ফিরে আসতে মন চাইবে না।

চলে যাবে এমনই তো কথা ছিল
আমি মুহূর্ত জমিয়ে রেখেছি ভরপাই করব বলে।

রাস্তার ধার ধরে ধরে জলসত্র করে দেব
প্রেম দেবে, পথভুলে ফিরতে ইচ্ছে করলে
        খসখসে সুখ দেবে, শান্তি দেবে বড় বড় পাত্রে,
অথবা কোলে করে নদীর কাছে পৌঁছে দেবে।

যেতে যেতে ফেরার পথ আগলিয়ে 
একগোছা কাঁটাগাছ লাগিয়ে যেও
চোখের শুকনো পাতা পাহারা রেখে---

যাতে ফিরতে ইচ্ছে করলে
শহরের ফিকে,
হেরে যাওয়া কলজে ছাড়া আর জড়িয়ে ধরার
জন্য কিছু বাকি না থাকে।

যাতে ফিরতে ইচ্ছে করলে শহরময় সমস্ত ছায়া জড়িয়েও
শেষে পড়ে থাকে দুঃখ 


সোমালী (২৫/৫/২৫)

Sunday, May 11, 2025

#৮

 আঁধারে শেকড় বাড়ে
ভুলে যাও, ধিক্কারে সরিয়ে দাও
যত্ন করে পর্দা ছাইয়ে দাও
ভাঙা ঘরে নিশুতি দিনে
মেঝের খুব কাছে
মন্ত্রের মত বয়ে চলেছ তুমি  
 
শেওলার ডানায়
অথবা যেদিকে মানুষ যুদ্ধে যায়, 
সেদিকের বিফল আস্তরণে 
প্রেম-নাপ্রেম, প্রেম-নাপ্রেম, ..... 
 
শীতল নিথর জলের বাহুডোরে 
 
১১/৫/২৫ 

Sunday, April 20, 2025

দহনে শিষ্ট থেকো

আড়াআড়ি ভেঙে ফেল হৃদয়ের কড়িকাঠ 
ধ্বস নামুক দূর্গে, ধ্বংসস্তূপ হোক সভ্যতা
মুছে ফেলো প্রকাশের অধিকার,
লজ্জা করো, 
জননী হও দহনে, ত্যাগ করো একে একে সন্তান সব
উজ্জ্বল নগর থেকে একবস্ত্রে বেরিয়ে যাও
রিক্ত হও।

ও কে হেঁটে যায়?
ঈশ্বর, মৃত্যু, শোক, না প্রেম?

অতীত চেন না মাধবী?
ধ্বংসস্তূপের অন্ধকারে তুমি চিরযৌবন সভার সূচনা করবে জেনো 
আপাতত জমি হও 
আরবার অবয়ব গড়ে দাও 
এখনও কত যে অভিষেক বাকি 

সোমালী 
১৪/২/২৩

Wednesday, March 26, 2025

রোজদিন কবিতা না পড়লে যা হয়

নিঃশ্বাসের সাথে টপটপ রক্ত পড়ে। 

ইট বেরিয়ে থাকা আর্ত প্রাসাদের গায়ে সিমেন্ট দিয়ে বেশ করে শিক্ষা দিয়ে আসতে ইচ্ছে করে
বাস ধরব বলে দাঁড়িয়ে আছি,
তবু মনে হচ্ছে
 
নেমে আসছে লোহা ধরে, ইতিহাস
তার খামচে ধরা সুতো বেয়ে তথ্য
দাঁত বের করে হাসছে
বলছে কোন ব্রিজ আর আস্ত নেই
কোথায় যাবে তুমি
পা ধুয়ে নাও গলা উপচে যাওয়া জলে
 
জল চোখে চলে যাওয়ার আগে
কৃমিদের প্রণাম করে নাও
আগামীর বাসযোগ্য করে যাও শরীর

এমন বিপন্ন রোদজর্জর রাস্তার মাঝখান দিয়ে একটা কবিতা হেঁটে যায়
নির্লিপ্ত, দীর্ঘদেহী
শান্ত চলন

বাস আসছে
আমি উঠে পড়ব
আমার গাল বেয়ে রক্তের দাগ বেঁচে আছে। 


সোমালী
২৬/৩/২৫ - ৬/৪/২৫

Tuesday, March 18, 2025

হাওয়ার বিরুদ্ধতাপ

(১)
হাওয়া দিলে ক্ষতের আয়ু বাড়ে
শীতের শেষে শীত স্বাক্ষর রেখে যায়
 
কেবল হাত ফিরিয়ে ফিরিয়ে বোঝার চেষ্টা
আহাম্মক এই চামড়া ধরে টান দিলে
ঠিক কবেকার স্মৃতি তাজা হবে
হাওয়া দেবে
আত্মায় পৌঁছবে শীত
 
অতীতে ফিরে যাওয়ার
এর চেয়ে ভালো রাস্তা চেনা আছে? 


(২)
অতীতে ফিরে যাবেই বা কেন? 

নাহলে কোথায় পাবে ঘর?
নদীও সঙ্গমে গিয়ে দিশাহীন
খুচরো জল হয়ে মেশে 
কেবল পূর্ব গর্ভের কাছে গিয়ে
দস্তুর, খুঁজে ফেরা
সেই ঘর, যেখানে থাকার কথা ছিল।

সেই ঘর, যার থাকার কথা ছিল। 
সেই ঘর, যার ঘর হওয়ার কথা ছিল। 

(৩)
হাওয়া, হাওয়া খেলে
অথবা সমস্ত খেলাই হাওয়া
হাওয়ায় সামিল
 
প্রশ্ন করি,
কে ওখানে?
সাড়া আসে - হাওয়া 
 
শীতের পরনে শীত, টুঁটি চিপে ধরে বলে
কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই তোমার
যা এসেছে, যা গেছে, হাওয়া
 
হাওয়ার অপরায়িত ক্ষতে হাত বোলাই
হাওয়ায় এলাই সুর
কখনও কোন পনেরো তলার পাঁচিলের গায়ে
হাওয়ায় বিশ্বাস করে ছেড়ে দিই সব
ঘর-বা'র, সব হাওয়া যা যা আছে 
হাওয়াতেই চলে যাক নাহয়
 
(৪)
প্রজাপতি শক্ত হয়ে উঠেছে
হাওয়ার বিরুদ্ধতাপ
আগুনের মাত্রায় বিরক্ত হয়
হাওয়া জড়িয়ে ধরে, শিস টানে
তারপর লাথ মেরে ফেলে দেয় ছুঁড়ে
 
দড়ি টানাটানি
ওপারে নেই কেউ,
প্রজাপতি আর প্রজাপতির ছায়া
 
যা হতে পারত, অথচ হওয়ার জন্য কেউ কক্ষনো চেষ্টা করেনি,
সেইসব নাই-বাস্তবের ছাইয়ের উপর বসে 
হাওয়া ধরে
প্রজাপতি ক্লান্ত হয়ে নিজের ছায়ার সাথে অবিরাম
 মারামারি করে 

প্রজাপতি হারতে পারে না
হাওয়া হেরে যায়
যা নেই, তাকে নতুন করে হারাবে কে আর 


সোমালী
(১৮/৩/২০২৫)
 

Tuesday, March 11, 2025

সুতো

(১)
ঈশ্বরের কাছে এতবছর বাদে কেবল এই কারণেই ফেরা
  যাতে এই যন্ত্রণার সাক্ষী থাকে কেউ
 
যন্ত্রণা শব্দটা পছন্দ নয় এতটুকু।
তড়প, পাখাঝটপটানি, আনচান, প্রশ্নবাণে জর্জরিত ভীষ্ম এক
শরশয্যা? এখনও বোধয় পরিষ্কার নয়
হাত জোড় কেন করি মাঝে মাঝে
কী পেতে? আদৌ পেতে? নাকি হারানোর, হারাতে পারার সুখ যদি আবার... 
 
        অবান্তর এইসব প্রশ্নের সাক্ষী থাকে সময়
    জোড় হাত
বিতৃষ্ণা
 
যদি তবুও বা কিছু শুনে থাকে পাথরের মূর্তি
কাঠের ক্রস
সিঁদুর মলা পা
উপরে নাম লেখা প্রসাদের বাক্স
একটা জোব্বা পরা, দাড়িওয়ালা লোক, যার জাত নেই ধর্ম নেই বিশ্বাস কেবল মানুষে
কিম্বা মায়ের ঋণ চুকাতে এসে মৃত্যু দেখে থ হয়ে থাকা চার ভাইবোন

অসুস্থ শরীরে কলকাতার প্রতিটা রাস্তা তন্নতন্ন করে
মহেঞ্জোদারোর পথ খুঁজে বেড়ানো
মরে মজে যাওয়া জলের ধারে
প্রার্থনা করে করে মুখে রক্ত ওঠানো
 
ওই মেয়েটাকে আমি অপহরণ করেছি। 
চতুর্দিকে মৃত্যুর সরঞ্জাম জমিয়ে অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছি।
কিন্তু কিছুতেই মেরে ফেলতে পারছিনা।  
 
 
 
(২)
কিছুতেই ঘুমোচ্ছে না ও
টিমটিমে আলোতে একটা কালো পাথরের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে
অন্ধকারের স্বাধীনতা মেখে ফেলেছে গায়ে
ধরেই নিয়েছে ওই পাথরের গায়ে বসে একটা বাচ্চা ছেলে
ত্রিশূল আঁকছে একের পর এক
জানতে চাইছে
 
কেমন হল? 
চোখ তো নয়, প্রেতের টান
মানুষ এমন সুতো দেখেনি যেন
 
চেষ্টা করে করে হাতের গোছায় দাগ হয়ে গেছে
বাচ্চাটা নড়ে না, সরে না, খায় না, যায় না
কেবল ত্রিশূল আঁকে, আর চেয়ে থাকে,
 
তুমি শুনেছ নিশ্চই?
আমি আর আলো জ্বালব না
কিছুতেই জ্বালব না, তুমি বলতে পারো
ও কতদিন অন্ধকারে খাদের ধারে দাঁড়িয়ে ত্রিশূল দেখতে পাবে?
 
 
(৩)
 
যেভাবে ঝুলে আছে, 
সেভাবে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। 
 
অপহৃত মেয়েমানুষের এত তেজ থাকারও কথা নয়
সে গোটা মানুষ হোক বা অর্ধেক
শরীর হোক বা প্রেত
 
কে বাঁচায় ওকে 
এত ঈশ্বর ও কোথা থেকে খুঁজে পায়?  
 
(বোধয় আরও যোগ হবে)
 
সোমালী
১১/৩/২০২৫

Sunday, March 2, 2025

আলো

কি অদ্ভুত শান্তিতে অন্ধকার রাতের বারান্দায়
 একটা বিয়েবাড়ি, সেজেগুজে, একা দাঁড়িয়ে আছে

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...