- শহরের গায়ে কেমন গন্ধ! টের পেয়েছ? শ্রাবণী, টকটক!
- অনেকগুলো প্রাণ এতদিন ধরে একসাথে পুড়তে পুড়তে শহরের গা বেয়ে অম্ল নামছে শেষে
- তুমি ফিরবে কবে?
- কোথায়?
- যেখানে যেখানে যাওয়ার?
- খালগুলোকে ড্রেন না বানালে চলছিল না? যাওয়ার নামেই ছুটি নিই, কিন্তু আসলে কোথাও ফেরার নেই
- ভুলতে তোমরা কত নাও?
- ভুলতেও সাহায্য নেবে?
- মেট্রো স্টেশনের গা দিয়ে দেখলাম সাবধানের বেড় পরিয়ে রেখেছে। আমার ওগুলো বেয়ে ঝুলতে ইচ্ছে করে...
- আবার নেমে আসবে তো?
- তুমি আবার মা হয়ে ওঠো! অথবা কঞ্চির মাথা চিরে দুবারে চোখ লাগিয়ে দেব। নেমে এসে শূলের ডগায়
- রেলিং এর ফাঁকে দেখো এক প্রেতাত্মা আলোয় ভর করে শূণ্যে ছুটে চলেছে
- আমি নেমে এসেছি, তুমি একটু এগিয়ে আসবে?
- কেকের মত শহরটাকে মাঝামাঝি চিরে দিলে যে বিশ্বাস পাওয়া যায়, তার খুঁটে বাঁধা পড়েছে গলা, নড়তে পারি না চড়তে পারি না । বৃষ্টি হলে ভেজা ছাড়া উপায় নেই আমার। তুমি আমাকে এগিয়ে আসতে বলো?
- ওই বিশ্বাসেই খালের জলে শিমূল পড়ে। পচা ফুলের মালা গাঁথা শহর আমার। খালের জলে আয়না বিবি সারাদিনে কত মালা গাঁথে, কিছুই তোমাদের গায়ে ওঠে না।
- অন্তত আজ শহরের কানে এক প্রেমিক পলাশ গুঁজে দিয়েছে
- তোমায় গল্প করতে মানা করেছি না? গল্পের গায়ে গায়ে রক্ত লেগে থাকে
- কিসের রক্ত?
- বলির। নরবলি।
- একটা শহরকে বেমালুম নদী বানিয়ে ফেলেছ, গল্পের গায়ে রক্ত দেখো, ভোলার জন্য এজেন্ট চাও
- নিশ্বাসটা এখনও নিজে নিতে পারি।
- পোড়া গন্ধ পাও না? নাকি মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে?
- ফসল কাটো কি শুধুই ফসল কাটবে বলে? তাহলে মাথাই কাটো! মিছে গাছগুলোকে কষ্ট দেওয়া কেন?
- নিশ্বাসের বাতাস কি রঙহীন?
- পোড়া শহরের রঙ দেখে চিনব?
- টক বললে জ্বলন বোঝা যায়?
- আবার তুমি গল্প বলছ কিন্তু!
- ওই যারা মন্ত্রপূত জল ফেলছে খালে, ওরা কি যাতায়াতের পথ রোধ করছে না?
- কথায় কথায় যে পথ বসে, তাতে করে দিব্যলোকে চলে যাওয়া যায়। খালের ধারের জোনাকির খাল কৌন্সা যাতায়াতে লাগে!
- মায়ের কোলে শুয়ে কখনও মনে হয়েছে মায়ের চলাফেরা রোধ করছ?
- আবার গল্প!