এই যে এমন আলো হয়ে থাকো অন্তরে,
জানতে পারো?
জানতে পারো দেশে আকাল পড়লেও উজ্জ্বল হয়ে কর্পূর গন্ধ মাখাও আমায়
জানতে পারো কতকাল বৃষ্টি হয়েছে তোড়ে,
তোমার কোলের তাপ দিয়েছ আমায় জড়িয়ে রেখেছ
জানতে পারো কত শীত পেরিয়ে যাই, যাচ্ছি রোজ, তোমার আঁচলে
আশেপাশে যত রঙ ধরে, প্রতিদিন বুঝি, তোমার চেয়ে বড় সত্যি নেই আমার
যেন ছিল না কোনদিন
সত্যেরা মিথ্যা হয় রোজ,
তোমার হাসির মত কিছু সত্য থাকে
অজেয়, অদম্য, উজ্জ্বল,
জানতে পারো রোজ রাতে সকাল হয় তুমি আছো বলে?
*************************
আলোয় আলো জ্যোৎস্নাকণা ছড়িয়ে আছে উঠোন জুড়ে
চোখ বুজলেই
শত শত ঝড় বাদলেও, সাথে থাকার প্রতিটি সোহাগ জড়িয়ে থাকে
এক পৃথিবী বাসছি ভালো, বাসবো ভালো বলছি রোজই
বলব আবার
বলব কোথায়?
গাছের শাখায় শিকড়মাটি হাত বাড়িয়ে বাতাস ধরে,
বাতাস কাড়ে, তবুও
যদি কণার শোনো অঙ্গিকারের সত্যি চলন
বলবে আবার, বাসবো ভালো, থাকব কাছে,
পালাইনি তো, লুকিয়েছিলাম
কান মুলছি মাপ করে দে
এই তো প্রাণের বলার কথা, বলছি রোজই বলব বলেই
কিন্তু সোহাগ, বলব কোথায়?
কোন শিকড়ে জল ছোঁয়ালে উঠবে
তোমার ফুলের কাছে
ঘাট হয়েছে
মানছি তো এই
বাসছি ভালো, বাসব ভালো বলছি তো রোজ বলব বলেই,
কিন্তু বলো বলব
কেমন করে?
রাতের চোখেও পর্দা দেওয়া, দেওয়াল তোলা লাখ মানুষি
হইলে ধুলো মিশব বুঝি মাটির স্বাদে, দোরের পারে
রইব জমে, উড়ব ঠিক সুযোগ বুঝে
চৌকো খোলা জানলা দিয়ে টেবিল বেয়ে নামব ঘরে
নিশ্চিন্তি ওই বাতাস ধরে
কণায় কণায় অনুরণন পারব বুঝি, ছড়িয়ে দিতে
ভালোবাসি
এক পৃথিবী
তৈরি জমি, ঘর বাঁধবে, জড়িয়ে শাখা, মিশিয়ে শিশির
সুখ আঁকবে?
লুকাবো না আর, ঘাট হয়েছে, বলছি আবার, বলছি রোজই
এক পৃথিবী বাসছি ভালো, বাসব ভালো।
শুনতে পাবে?
শুনবে তুমি?
No comments:
Post a Comment