এই যে হাওয়ায়
নারকেল গাছের কাঁধ থেকে চুল সরে গেছে
এমন সব দিনে
ভগবানের নামে
ওরা তোমায় আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়
এই যে পায়ে কাদা
রাধা মেখে রয়েছে চারপাশ
আমি তো তোমায় দেখতে পাচ্ছি না আর
স্বপ্নে আসবে যখন,
আলো এনো
হঠাৎ আঁধারে তোমায় যদি চিনতে না পারি
স্পর্শ কোরো
অভিমানে চলে যেও না যেন!
**
সারা পৃথিবীর সমস্ত রাস্তা
তোমার কাছে এসে শেষ হয়েছে।
সদ্য ঘাটে ভিড়েছি,
এখন কোত্থাও কিচ্ছু নেই টেনে বুকে তুলে নেওয়ার মত
বৃষ্টির মত নষ্ট চরিত্রের বোকাদের চেয়ে চেয়ে
দেখছি ঝড় উঠছে
মুহুর্তের মধ্যে আমার জমানো সব কিছু
লন্ডভন্ড হয়ে যাবে
তোমার দরজার কাছ থেকে দু'কদম দূরে
অথচ আজন্মকাল তোমার মাথার কাছে বসে আছি
তোমার পায়ের কাছে যেতে পারলে কি
তুমি আমায় চিনতে পারবে?
**
এমন দিনে
রাস্তা দিয়ে একটা পাথর গড়িয়ে চলেছে
আমি দৌড়ে গিয়ে ওটা থামাতে চাই
আমি চাই ওটা থামুক
কোথাও কেবল বেচাল ওটা রাখা থাকুক
এইভাবে গড়িয়ে যেতে যেতে কতদূর যাবে ও?
বরং ফেলে রাখলে কোথাও বুঝি পৌঁছনো যায়
- সোমালী (২৫/৬/২৫)