Followers

Friday, March 24, 2023

দু'কলি

আজন্মকালের ক্ষিদে পেটে তালা বন্ধ করে রেখে
শীতল হয়ে পৃথিবী 
বোবা মহাকাশের কাছে আত্মসমর্পণ করে বসে আছে!

- সোমালী 

Tuesday, February 21, 2023

দিনচর্যা #২

সবাইকে আসি বলে চলে যেতে ইচ্ছে করে। এই যেমন, সকাল থেকে অন্তরে ব্যথা। জানি এ হাড়ের নয়, পেশির নয়, স্নায়ুর নয়, গ্যাসের নয়... এই ব্যথা অন্তরের ব্যথা। প্রেম ফেরত না পাওয়ার ব্যথা। সকাল থেকে। উফ্.. এই ব্যথার কোথাও উল্লেখ থাকে না, কেউ চিকিৎসা করতে পারে না? 

আশেপাশের সকলে প্রেমে পড়ছে। তাদের জীবনে তারা সুখী হোক। আমার কি সুখী হওয়ার অধিকার নেই? নাকি একবার ভয়ে ছেড়ে দিলাম বলে আর পাবই না তাকে কখনো? অগ্নিপরীক্ষা শেষ হয়নি? কবে হবে? পারছি না আর

Monday, February 20, 2023

দিনচর্যা #১

 ক্ষতের চেহারা অনেকে জানেন বলে মনে করেন। কেমন দেখতে হয়, কেমন গন্ধ হয়, কেমন রস গড়ায়, কেমন অসাড় অথবা প্রবল যন্ত্রণা হয়... মনে করতাম ক্ষত হলে, মানুষ চিনতে পারে, জানে কি করতে হয়। মানে তেমনই শুনেছি ছোট থেকে। মলম লাগাতে হয়, ঘাস ডলে রস বের করে তাতে লাগাতে হয়, বা লাল ওষুধ... আরও কত উপায় আছে। কিন্তু যখন থেকে নিজে ক্ষত চামড়ায় বইলাম, দেখলাম মানুষ কেমন নিশ্চল পাথরের মত অসাড় জড় পদার্থ হয়ে যায় ক্ষতের সামনে। বরাবর, স্মৃতিতে জামা কাপড় মনে থাকে না। ঘটনাক্রম, আলো, অনুভূতি, আর চোখ মনে থেকে যায়। খেলতে গিয়ে পড়ে গেছিলাম একবার। বাঁ হাতের কনুইয়ের উপর থেকে বগল পর্যন্ত চামড়া উঠে সাদা হয়ে গেল। আমি এবং আমার খেলার সাথীরা মিনিট দশেক কিংকর্তব্যবিমূঢ়ের মত দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তারপর আমার শরীর shock কাটিয়ে রক্ত ছুটিয়ে দিল। আমার খেলার সাথীরা তখন ঘরে চলে গেছে। আমি যখন ফিরছি ঘরে, তখন একজনের চোখ মনে আছে, জানলার ওপার থেকে, মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা চোখ। আমার ত্রাসের থেকেও সেই চোখে ত্রাস অনেক, অনেক বেশি। কি করে হয়?

বড় হয়েও, জীবনে এক প্রবল ক্ষতে প্রচুর মানুষকে আশেপাশে দেখেছি, বার্তা পেয়েছি। কেমন ত্রাস চোখে... তারা আন্দাজ করে ক্ষত। ভয় যেন আমার থেকেও বেশি। কিন্তু যেন ওই একইরকম, জানলার ওপার থেকে, খড়খড়ি শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকা ত্রাসের চোখ। মলম জানেনা চোখ, শুধু জানে ক্ষত আছে। ক্ষত কে চিনতেও পারে না বোধয়। তাতে যেন আরও বেশি ভয় পায়। খড়খড়ি টেনে দেয়। 

 

আচ্ছা, যদি আমি খড়খড়ি টেনে দিই? বলি, ক্ষত নেই। তবে? যদি বলি মলম না থাকলে দেখা হবে না। ত্রাসের চোখকে বাড়ি ফিরে যেতে বলি? যাবে তারা?

Sunday, February 19, 2023

#১১

ঘটেছে কি ঘটেনি দেখো,
নিস্তরঙ্গ জলের কাছে পাথরে পা ঘষে ঘষে
আদর করেছি তাকে
গভীরে ঠেলেছি সিসা, লাভা
আগলে রাখবে বলেছিল সই
আগলে রাখবে বলে সপ্তসাগর পেরিয়ে গেছে
মরা আদিগঙ্গার ধারে কাছে আর কিছুই পড়ে নেই

- সোমালী (১৮/০২/২৩)

Monday, October 31, 2022

##

এই যে বলছি বটে হেঁটে যাবো জলের ওই পাড়ে,
এই যে ঝাড়ছি বটে জলের উপর থেকে ধুলো বালি সব,
এই যে পিছু নিই পরিযায়ী পাখির ছায়ার
এই যে হাওয়াও দেখি টক্কর দেয় বেশ

যদি বা ভুলের শহর হয়
ফুটিফাটা মাটির ভেতর এত আনন্দ আসে কোথা থেকে? 

বলো?

- ৩১/১০/২০২২

Thursday, August 18, 2022

পূবালী বাতাস

যেদিন তোমার মনে হবে প্রেমে পড়া যায়,

চোখের দিকে দেখো না ...

হয়ত পূবালী ততক্ষণে তছনছ করে ফেলেছে

       যা যা পথ-প্রান্তর ঢেকে রাখা ছিল


যখন তোমার মনে হবে এই তো হাত ধরা যায়,

খবরদার কাছে আসবে না। 

হয়ত ততক্ষণে মাটি কাঁপছে আষাড় তরঙ্গে,

       ভেঙে গেছে যা যা দেওয়াল রাখা ছিল


যেদিন তোমার মনে হবে পিপাসায় ছেয়ে গেছো

সামনে এসে দাঁড়িয়ো না যেন

হয়ত বৃষ্টি গেছে রাতভর

         হাজার হাজার গোলাপের পাপড়ি ঝরে আছে উঠোনময়

 

যেদিন প্রচন্ড মখমলি হাওয়ায় দরজা জানলা ভেঙে যাবে,

দেখো না আমার দিকে লক্ষ্মীটি

আমি ধরা পড়ে যাবো! 




- সোমালী (১৮/৮/২০২২)

Saturday, April 30, 2022

ফুল ধরেছে

নিবিড় করে ঘুণ ধরেছে রক্তশাখায়
রক্ত গলে রক্ত জলে দিব্য ভাসে
এমন করে গান কর তুই মৃত্যুপুরী
মৃত্যু-সুখে অশ্বত্থ নিক উজাড় করে, রক্তশাখা
ম্লান হয়ে যাক রূপকথা-রোগ কথকতা..

শহর বুকে বীজ বুনেছি বছর ধরে
একটা মাটি হাজার জলে ভিজলে জ্বলে
আগুন ভেজায় রক্ত জুড়ে শিকড় জালে
বীজের খবর মাটি জানে, আঁধার জানে, চোখ জানে কি?

উথাল জলে বীজ বুনেছি ঘুণের প্রাণে
'মানের আগুন পুষ্ট করো, জল জানো কি?
জল জেনো না, নিবিড় করে ভেজাও শাখা, রক্ত ঝরাও
বছর ধরে শিকড় জমাও শিরার সুতোয়,
একটু একটু বাড়তে থাকুক রক্ত-চারা..

বসন্তরাগ, হেমন্তরাগ, বাসি আসন, কৃষ্ণচূড়া,
নিবিড় করে ভেজায় যখন, বুক ফেটে যায়, রক্ত ছোটে,
বাগান জুড়ে এতদিনে ধূসর চোখের শাপ জমেছে...
এত করে ঘুণ জমেছে, সার পড়েছে, জল পড়েছে, 
আদর ঠেলে, রোদের ছায়ায় অভিমানের ফুল ধরেছে!

- সোমালী (এপ্রিল, ২০২২)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...