Followers

Monday, September 9, 2024

দি.. (২)

জখমের মাস যায়, যায়, যায়, যায়
প্রজাপতি মাথা নাড়ে,
জমে যায়
ধীরে, ধীরে, ধীরে 

ছায়া ধরে ধরে এগোই,
মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা
কিছু দেখতে পাবে না বলে
নিভিয়ে দিয়েছে যা যা দেখা যায়

শিশিরের আওয়াজ হয়
ভেসে ওঠে শৈত্য 
আল বেয়ে হ্যারিকেন হেঁটে যায়
সারি সারি হাত পা হেঁটে যায়
ওরা মাথা খুঁজে পাচ্ছে না,
কিম্বা কুয়াশার দিকে আরও এগোচ্ছে
গায়ে গায়ে জুড়ে এলে শীত বাড়ে
দৈর্ঘ্যে বাড়ে পোড়ামাটি ঘোলাটে চোখগুলো দেখা যায়

কারা ওদের হয়ে
ওদের দেখা দেয়
ওদের হয়ে দেখে দেয়
ওদের দেখা শেষ হয় না,
অথবা এই হয়ে এসেছে

পাটগাছের আড়ালে লুকিয়ে আছি
একমাস হল
শিশিরের গন্ধ আর ভালো লাগছে না
জখমের মাসের গায়ে দুর্গন্ধ হয়ে গেছে আশার 

আমায় হতাশা দাও।
ছেড়ে দাও। 
আমাকে জলা থেকে তুলে সমুদ্রে ফেলে দাও
আবার পুড়িয়ে ফেলো 
নামহীন, বস্ত্রহীন, দেহহীন, দ্রোহজল, জল, জল, জল
চারিদিক
আমি পচেগলে যাচ্ছি আজ একমাস

*******************

জখমের মাস শেষ হলে 
মাথায় চাঁপা ফুল
সূর্যের কাছে গিয়ে বসব

জখমের মাস শেষ হলে
দুপুরের দুপুর হয়ে
হাতপাখার হাওয়া খাব

জখমের মাস শেষ হলে
আবার অসুস্থ হব
মৃত্যুর মাথায় হাত রেখে
আবারও পাশ ফিরে শোব

জখমের মাস শেষ হলে
আবার জল খাব

জল, জল, জল,
তোমরা একটু জল দেবে?

একমাস হল আজ
নামহীন, বস্ত্রহীন, দেহহীন, শব্দহীন
নিরন্তর জেগে আছি
পচে পচে যাচ্ছি আরও যেন

- সোমালী (৮/৯/২৪)

Monday, August 19, 2024

#২

এক মৃত্যু থেকে আরেক মৃত্যু পর্যন্ত মানুষ ঘুমিয়ে থাকে।
 
 যখন ঘুম থেকে ওঠে,
বিছানা চাদর ওলটপালট করে জানলা খুলে দেয়
ঘরের হাওয়া নড়ে যায়
কত কাঁচের গ্লাস চাদরের স্বপ্ন ভেঙে পড়ে থাকে
 
উঠে আরও কিসব করে।
পূজো দেয়।
বিশাল বিশাল জনসংখ্যা একসাথে এসে রান্না করে।
খায়। যজ্ঞ করে।
 
বিকেল হয়ে এলে গাছ লাগায়।
সুগন্ধী ফুল গাছ। 
 
*
 
আমায় কয়েকটা সুগন্ধী এনে দে
জানলার গোড়ায় বেঁধে দিই।
আবার ওরা ঘুমাতে যাবে।
রাত হয়ে আসছে।
আবার
 
রাত হয়ে আসছে দেখ্‌।
 
- সোমালী (১৮/৮/২৪)
 
 
 
(২০১৫ র অক্টোবরে দিদার মৃত্যুর পর প্রথম অনুভব করি দুই মৃত্যুর মাঝের ঘুম। এই বোধের বীজ তখনকার। তখনও ২০১৩ র ডিসেম্বরে সেজো মামার মৃত্যুর স্মৃতি তাজা। গত কদিন ভুলতে পারছি না। যে কোন মৃত্যু আমাকে ওই ঘুমের দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়।)

 

Saturday, August 10, 2024

জীবাশ্ম

কয়েক হাজার বছর হয়ে গেল
ট্রেনে আর ওঠা যায় না
 
একটা লোক, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ে,
তারপর ধীরে ধীরে প্ল্যাটফর্ম ধরে নেমে আসতে থাকে।
ট্রেন গতি পেতে পেতে লোকটা ছোট হয়ে যায়
কিন্তু প্ল্যাটফর্ম বেয়ে নেমে আসার গতিটুকু
থেকে যায়। 
 
গ্রামের অপঠিত, নিরক্ষর, বিধবা মাঈদের মনে
গীতাপাঠের মত। 
 
সেই যে রথ থামিয়ে ঘুরে বসেছে
কি যেন বলবে, বলছে ...
ওর কোন অতীত নেই, ভবিষ্যৎ নেই
এক অনিবার্য বর্তমানের মত
গতকালও ঘটেছিল, আজও ঘটছে, আগামীতেও ঘটবে।
 
***
 
লিখতে লিখতে ভাবছিলাম, 
 
কয়েক লাখ বছরও হয়ে গিয়ে থাকতে পারে,
ট্রেনে আর ওঠা যায় না। 
পৃথিবীর যে কোন প্রান্তে বুঝি জানলা বা দরজা দিয়ে উঁকি দিলেই আবার কেউ হাত নেড়ে প্ল্যাটফর্ম বেয়ে নামতে শুরু করবে। 
 
ছাই হয়না, মুছে যায় না, বরং
কোন সমুদ্রের নাভিতে, কলজায়
চাপে-তাপে, নিথর, কেবল
ফসিল হয়ে আছে। 
 
দৃশ্য অথচ অদৃশ্য
নেই, অথচ থাকার প্রমাণ আছে
এদিকে থামার নাম নেই

***

রোজ একবার করে অজস্র চিহ্নের গা বেয়ে উঠি 
জীবাশ্ম মগডালে রেখে নেমে আসি

একবার তো ট্রেন থেকে নেমে পড়তেও পারতাম?

- সোমালী (১০/৮/২৪)

Thursday, August 8, 2024

ধাত্রী

মৃত্যু আসলে মৃত্যুর মধ্যে নেই।

যে ছেলেটা দুঘন্টা ধরে প্রেমিকাকে ফোনে পায়নি,
নিঃশ্বাস নিতে একেবারে ভুলে গেছে বলা ভুল হবে
তবে নিঃশ্বাস নিতেও তো পারছে না

বিছানায় মিশে যাওয়া মায়ের শরীর
কাঠবেড়ালীর মত চোখের মণি
বাঁচাবে ঠিক, তবু বাঁচাতে চাইছে না যে মেয়েটা

থ্রু ট্রেন আসছে জেনেও
লাইন ধরে হেঁটে চলেছে যে অর্ধদেহী
মানুষটা বেঁচে নেই বললেও ভুল হবে
তবে বেঁচে আছে, এমনটাও তো নয়

শীত যদি নদী হত,
ওই পাড়ে যে জ্বালা পড়ে আছে
শুকনো পাতার হাড়ে হাড়ে যে অনিশ্চয়তা,

পাশাপাশি শুয়ে থাকা দুটো 
নগ্ন রোবট
আসবে, তবু 
দুজনেই জানে, 
নাও যেতে পারত, কিন্তু
কন্ঠির খুব কাছে এসেও কেউ কেউ ফিরে গেছে

একটা সোজা মানুষ, ভাঙতে শুরু করেছে
বুকের মাংস খুলে পায়ের তলায় রগড়াচ্ছে
পড়ে গেলে আর প্রেমের দাম নেই
যে জেনে গেছে

পরস্ত্রী নাকি জলের প্রাসাদ,
প্রেম নিইনি, অথচ
ওবিচুয়ারি লিখেছি মলাট দেওয়া খাতায়
 
মরিনি বলে নিগ্রহ করেছি জীবনকে,
পিটিয়েছি, বলেছি 
মৃত্যুর আগে অব্ধি তুই আমাকে মেরে দেখা!

এরপরেও, 

এরপরেও তোমায় বোঝাতে পারব না,
জীবনের মধ্যে যতটা মৃত্যু আছে,
তা আসলে মৃত্যুর মধ্যেও নেই?

- সোমালী (৮/৮/২৪)

Monday, August 5, 2024

উদ্ধত

 একটা পোড়ো বাড়ি।
জানলা দরজা, আসবাব, ভাব - হীন
থাকার বলতে চৌকাঠের বাইরে এক জোড়া জুতো

জংলা ঘাসের মত বোকা বোকা
স্থির
বিয়ের কাগজের একতরফা দস্তখতের মত
জমিহীন
একজোড়া জুতো 
দাঁড়িয়ে আছে না বসে আছে বোঝা যায় না
ঘুমিয়ে পড়েনি, কেবল এটুকু বলা যায় 

নিতান্তই অভদ্র, অসভ্য, ভিক্ষুকের মত
চৌকাঠের ঠিক মাঝবরাবর
উত্তেজিত, দৌড়ে ঢুকে গেছে সে, 
ডানদিকের জোড়াটি হাল্কা বেঁকে আছে
পেছনে কিছু ছেড়ে আছে
কোথায় যেন দুঃখ, ভয়, অথবা লজ্জা আছে
টান আছে বুকভর
অথবা হেরে যাওয়া ভবিষ্যত ভর করে আছে ওর ওপর

বছরখানেক হল। 

- সোমালী (৫/৮/২৪)

****************

ছায়া ছায়া ধুলোবালি চোখ
পরিষ্কার দেখা যায় না মুখ, মাথা, চোখ, বা আদৌ ভালোবাসো কিনা
হেঁটে এসেছ নাকি এতদূর হাওয়ায় হাওয়ায়

হাসি কান্নার অনুমতি নেই এখানে
কতক্ষণ চলবে বুঝি না কিন্তু কেমন এক আদর মেখে আছে

তোমার ঘরে এই আমার শেষবারের মত স্থান হয়েছে
ছবি ছবি করে মরছে বাতাস
ছবিগুলোর গায়ে রজনীগন্ধা লেগে আছে এখনই
 
যদি এই হাতপাহীন সমুদ্র সমুদ্র ঘর থেকে আর
যেতে ইচ্ছে না করে? 
যদি নাকটা শূণ্যে তুলে বলি, "যাব না"
কেন যাব? 
 
 (৬/৮/২৪)

Saturday, August 3, 2024

ফিরবে কোথায়?

চোখের ডগায় সুখের আড়ত
পাতলা পাতলা হাসির ফিলে 
সবরেখে পিঠ যেই ফিরেছে
 
ফিরবে বটেই, ফিরবে বলেই হাত ধরেছি
এমন যদি রাখব খেয়াল 
সত্যি কিছুই বুক বাঁধেনি
জোড় ধরেনি
কিচ্ছুটি তার ভিত ছিল না
পলির পাহাড়, পা ডুবে যায়
বহমানতা বালি বালি, জমাট করে জড়িয়ে রাখে
এমন মাটিই কোল ডুবে যায়, 
দম মরে যায়, শিকড় সুদ্ধ পালিয়ে বেড়ায়

পালাবেই তো, চোখ বুজে সেই জড়িয়ে শাখা
পেছন ফেরো। 

উড়বে দেখো,
গায়েব জাহাজ, গায়েব সলতে, শুকনো খাবার
বন্যা হলেই আঁকড়ে ধরো যে গাছগুলো
আসলে সব হার মেনেছে
সময় ধরে আকুল-বিকুল 

বিলকুল সব
ছু-মন্তর! 
হুশ! 

যেই না তুমি টান ছেড়েছ
মাধ্যাকর্ষণও গা ছেড়েছে

এবার তুমি ফিরবে কোথায়?
ভেবে দেখেছ?

- সোমালী (৩/৮/২৪)

Tuesday, June 4, 2024

বিধাই চলো

হাঁটতে চলতে বিদ্ধ করি
সূঁচের ডগায়
বিধাই কাপড়, সরাইখানার ক্লান্ত পথিক
বিধাই চলো চোখ দুটো আজ
 
সূঁচের ডগায় আলতো আঁচড় 
কিম্বা ধরো তুলিই ধরে
চোখটা দিলাম অন্ধ করে
 
দেখব যত পোড়া জমিন
বাণ লেগেছে লক্ষ্মীছাড়া
সমস্ত সব মিথ্যা জরিপ দিনের শেষে গাঁথনি ভাঙা
পরশপাথর ছিটিয়ে পড়ে
 
ভস্মিধুলো ছড়িয়ে গেলি
কে রে কেন মত্ত হাতির শুঁড়ে
গুঁজিস সতীর কন্ঠ,
কন্ঠ গলে, গলেই খালাস
এমনই সব নিঃস্ব সবুজ তাল ধরেছে
ছত্রখানের, 
 
দাম ধরেছে জলের দরে, অসম্মানের টেবিল আমার
আরেকখানি কোণ পুড়েছে, আলোর গায়ে
তাপ লেগেছে, জল লেগেছে, জাল লেগেছে
অসম্মানের জীবনছাঁচে 
আরও টুকুন কাদা দাগ লেগেছে 
ছত্রখানের নরম ঘাড়ে
ক্যানাইনের দাগ বসেছে

তার চেয়ে ঠোঁট ফুটিয়ে রাখি,
বৃন্ত, চোখের ঝরা পাতা, 
দু-চারটে ঢেউ স্ট্রেচ মার্কের, 
অস্তিত্ব বা লজ্জাটুকু
ফুটিয়ে রাখি, গাঁথব মালা,
কোমর গলা ভরবে 
রক্ত নামাই
বিধাই চলো, আরেকটু নাচ

নেচেই ফেলি, পায়ের তলায় 
বিশ্ব নাচুক নিঃস্ব হয়ে নির্লাজ
হয়ে উপবাসে রক্ত ঝরাই

নাচের তালেই বিদ্ধ করি
যা আছি, যা হবার আছে
যার যা কাদা দেওয়ার আছে,
নিজের কাফন বন্ধ করি
সিলাই চলো সূঁচের আগায় 
পঞ্চবাণের পঞ্চসোহাগ
জিহবার আর ঠোঁটের জিহাদ
চোখের খোলায় বন্ধ করি।

বিদ্ধ করি।
বিদ্ধ করি।

সূঁচের ডগার আলতো আঁচড়
কিম্বা ঘেন্না তুলিই ধরে
চোখই দিলাম অন্ধ করে।


~ সোমালী (৪/৬/২৪)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...