হঠাৎ সেদিন জেগে দেখি সমস্ত সমুদ্র গিলে
বেমালুম হজম করে ফেলেছে জমিন
একফোঁটা সমুদ্র ফিতে বেঁধে রেখেছে প্রাণের ঘর- দেশ
জলের গায়ে আর কারোর ভয় করেনা এতটুকু
এখন যত দাঁড়িয়ে থাকতে ভয়।
ডুবতে আর ভয় করেনা শুনি
গহীনদের ঘর হয়েছে মহাকাশ
বেরিয়ে আসি ছায়ায়
একা বসি।
হঠাৎ ই মনে হয় চোখ খুলে গেছে আর বন্ধ হয়না কিছুতেই
ভেঙে ভেঙে পড়তে থাকছে বাড়িঘর, জরায়ুর দেওয়াল
দিয়ে আটকে দেব এমন সাধ্য কোথায়
অনেক রাতে দোর দিয়ে ঘুমিয়েছে জমিতে যারা থাকে।
ওরা উঠবে যখন, সমুদ্রে তখন দ্বিপ্রহর ঘুম।
তারাবাতি, ফুলঝুরির ভালোবাসায়
ছেঁড়া ছাদ ছেঁড়া স্বপ্ন ফেরত পাঠায়,
একফোঁটা জ্যোৎস্না দেবে
খয়রাত ফেরত পাঠিয়েছি যত ছিল
এই যে সাদা পায়রার পিঠে ফসফরাসের ক্ষত দেখছ?
চোখ কচলে রাত চিনি, মনে পড়ে
দিনের আলোয় সব মিথ্যা কেমন আলোর মত দেখায়।
***********************************
কেমন ঘুম হল তোমাদের সুখপাখি?
হাঙরের আওয়াজ শোনো আর?
এখনও দেওয়াল আছে,
বেঁচে আছে ওরা সব?
সমুদ্রের জরায়ু ঠেলে বেরিয়ে এসেছে যত জমিন,
জমিনের মালিক, মালিকানা,
বেঁচে আছো প্রেম? শাদি, কচি হাতের গা থেকে খসতে থাকা
গর্ভচাম, বদ্ধ জল... বাস
বেঁচে আছো, বলো না?
বলো না, ভোর হয়নি এখনও?
মাথার উপরে হিরে মানিক জ্বলে,
কই, আকাশ দেখি না কেন আর?
- সোমালী (২০/২/২০২৪)