Followers

Sunday, December 31, 2023

ও প্রজাপতি, প্রজাপতি #২


 

 আগুন লেগেছে আবার।

প্রজাপতির পাখায়, শুঁড়ে,
আগুনের হল্কা ঘুরে ঘুরে নেচে চলেছে
দূর মহুয়ার বনে খুব ধুন
সেও জানি ভেসে আসবে ঠিক
আগুনের চাকা ঘুরে ঘুরে জীবন ঘুরে বেড়ায়
প্রজাপতির কষ্ট হয় শুধু 
 
বুকের ভেতর যে প্রজাপতি পাখা
মেলেছিল এই কি আশ্চর্য নয় নাকি
আরও আশ্চর্য হতে হত ওকে যজ্ঞাহুতি দিয়ে
চুপচাপ দাঁড়িয়ে দেখা, পাখায় কালো ছোপটা কেমন
একটু একটু করে জ্বলে যায়, ফুলকি ছোটে, ছোট্ট
প্রাণ ধরে দাঁড়িয়ে থাকে মহুয়ার বন, বোধয়
আরও একটু সূর্য কড়া হলে, বনও বলবে
ঠিক, গন্ধ চলে গেছে, সরে গেছে সব
নেশার ঘোরে যা যা হওয়া, এখন 
তালগাছের গুঁড়ি ধরে দাঁড়িয়ে
একটু ঝুঁকে দেখছে শোক
ভাবছে মহুয়া বলবে
না, চলে যা, চলে
যা, প্রজাপতি
বাঁচতে 
পাবে
 
আরেকটু 


- সোমালী (৩১/১২/২০২৩)

Thursday, December 28, 2023

প্রজাপতি, প্রজাপতি, পাখনা মেলো #১

বুকের ভেতরের প্রজাপতিদের সাথে কথা বলা গেলে,
অনেক অন্ধকারের ভেতরের সবুজ খুলে এনে
জামায় লাগিয়ে রাখতাম
 
মাথায় বড় ঠান্ডা লাগে আজকাল।
বইতে পড়া শৈত্য আর অনুভব করা শৈত্য এত
আলাদা হলে মানুষ শিখবে কেমন করে?
জ্বালা অথচ অন্যরকম
জ্বালা প্রজাপতির সাথে কথা বলে
 
মনে হয় যেন অনেক কিছু জেনে নিয়ে
ও আমাকে বলবে এবার
ষড় করি
শৈত্যের বীজ আবার মাটিতে পড়ার আগে
কোন এক পাথরের বাটিতে করে চিলেকোঠায় রেখে দেব
সেই ফাঁকে আমি প্রজাপতির সাথে আলাপ সেরে নেব
 
আলোগুলো জোরালো হলে প্রজাপতি আমার সাথে
আর
কথা বলতে চায় না
 
 
-সোমালী (২৮/১২/২৩)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...