Followers

Tuesday, September 12, 2023

 কথকতা করতে সে আসেনি তো
দেখতে এসেছিল,
চুপ করে শুনতে এসেছিল
নেহাৎ নগণ্য ছিল তবু জ্বলেছে গাছ জ্যান্ত

কথকতা করবেনা তবুও আজ
চিতাছাই ঘাঁটছে আর বিড়বিড় করছে স্রোত
সেই গঙ্গোত্রী থেকে বঙ্গোপের ধার অবধি
বিড়বিড় করছে স্রোত
পাগল হয়ে গেছে নদী।

কথকতা করবেনা বলেই,
শুধু কথা রয়েছে, সুর মুছে দিয়েছে কবেই।
কেবল কথকতা করবেনা বলেই।

সোমালী
২৪ আশ্বিন, ১৪২৯ 🌿

Sunday, September 10, 2023

অভিমান

ক্রোধের নাগিনী নাম, জোহরের নাম গঙ্গা

তেষ্টায় জ্বলে শীত মরুর আগুন সয়ে নেওয়া

নদীর অপর পথ, চড়াই করেছি প্রেম

একটু একটু সে বট হয়ে গেছে ওই, শাখে বিষ, ফল ধরে

মিঠা, মিঠা, মিঠা-আ আড় করে 


বসো। বসো... বলে যে হাত টানেনি ছায়া, ঘর, 

অভিমানে বাঁধা আছে সেসব নটে, অভিশাপ 

জড়িয়ে ফেলে দেব কবিতার শুকোনো বাগানে


জানি তো জ্বলেছে কত অভিমানে, বেঁচে থাকা ঘর

আমিও পুড়ব, রোজ, কবিতাও নাঙ্গা হবে রোজ

       কষালো জট

ছন্দ না, সুর না, আশা না, বৃষ্টি না, 

 

জ্যান্ত না। 

 

- সোমালী (১০/৯/২০২৩) 


Thursday, April 6, 2023

 वह लम्हें
जो जिये थे कभी,
अनछुई ओस की बूंदों जैसे
वहीं ठहर गए थे।
ता की जब दिन की रोशनी ख़त्म हो रही हो
और हम पलटे,
तो हमे वह रंग.. वह ज़िन्दगी मिले।
वक़्त की ठहरी ज़मीन पर
वह और मैं आमने-सामने बैठ सके,
उन पलोंको छुं सके... पढ़ सके

अगर हम ना मिले,
और सामने गांवभर कोहरा दिखे
तो पिछे देखना,
तो जानना, के वह पल है...
वह पल,
जो हमने जिये थे कभी,
अभी भी उसी जगह
ठहरे हुए है।।

- सोमाली (
25/2/2019)

Friday, March 24, 2023

দু'কলি

আজন্মকালের ক্ষিদে পেটে তালা বন্ধ করে রেখে
শীতল হয়ে পৃথিবী 
বোবা মহাকাশের কাছে আত্মসমর্পণ করে বসে আছে!

- সোমালী 

Tuesday, February 21, 2023

দিনচর্যা #২

সবাইকে আসি বলে চলে যেতে ইচ্ছে করে। এই যেমন, সকাল থেকে অন্তরে ব্যথা। জানি এ হাড়ের নয়, পেশির নয়, স্নায়ুর নয়, গ্যাসের নয়... এই ব্যথা অন্তরের ব্যথা। প্রেম ফেরত না পাওয়ার ব্যথা। সকাল থেকে। উফ্.. এই ব্যথার কোথাও উল্লেখ থাকে না, কেউ চিকিৎসা করতে পারে না? 

আশেপাশের সকলে প্রেমে পড়ছে। তাদের জীবনে তারা সুখী হোক। আমার কি সুখী হওয়ার অধিকার নেই? নাকি একবার ভয়ে ছেড়ে দিলাম বলে আর পাবই না তাকে কখনো? অগ্নিপরীক্ষা শেষ হয়নি? কবে হবে? পারছি না আর

Monday, February 20, 2023

দিনচর্যা #১

 ক্ষতের চেহারা অনেকে জানেন বলে মনে করেন। কেমন দেখতে হয়, কেমন গন্ধ হয়, কেমন রস গড়ায়, কেমন অসাড় অথবা প্রবল যন্ত্রণা হয়... মনে করতাম ক্ষত হলে, মানুষ চিনতে পারে, জানে কি করতে হয়। মানে তেমনই শুনেছি ছোট থেকে। মলম লাগাতে হয়, ঘাস ডলে রস বের করে তাতে লাগাতে হয়, বা লাল ওষুধ... আরও কত উপায় আছে। কিন্তু যখন থেকে নিজে ক্ষত চামড়ায় বইলাম, দেখলাম মানুষ কেমন নিশ্চল পাথরের মত অসাড় জড় পদার্থ হয়ে যায় ক্ষতের সামনে। বরাবর, স্মৃতিতে জামা কাপড় মনে থাকে না। ঘটনাক্রম, আলো, অনুভূতি, আর চোখ মনে থেকে যায়। খেলতে গিয়ে পড়ে গেছিলাম একবার। বাঁ হাতের কনুইয়ের উপর থেকে বগল পর্যন্ত চামড়া উঠে সাদা হয়ে গেল। আমি এবং আমার খেলার সাথীরা মিনিট দশেক কিংকর্তব্যবিমূঢ়ের মত দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তারপর আমার শরীর shock কাটিয়ে রক্ত ছুটিয়ে দিল। আমার খেলার সাথীরা তখন ঘরে চলে গেছে। আমি যখন ফিরছি ঘরে, তখন একজনের চোখ মনে আছে, জানলার ওপার থেকে, মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা চোখ। আমার ত্রাসের থেকেও সেই চোখে ত্রাস অনেক, অনেক বেশি। কি করে হয়?

বড় হয়েও, জীবনে এক প্রবল ক্ষতে প্রচুর মানুষকে আশেপাশে দেখেছি, বার্তা পেয়েছি। কেমন ত্রাস চোখে... তারা আন্দাজ করে ক্ষত। ভয় যেন আমার থেকেও বেশি। কিন্তু যেন ওই একইরকম, জানলার ওপার থেকে, খড়খড়ি শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকা ত্রাসের চোখ। মলম জানেনা চোখ, শুধু জানে ক্ষত আছে। ক্ষত কে চিনতেও পারে না বোধয়। তাতে যেন আরও বেশি ভয় পায়। খড়খড়ি টেনে দেয়। 

 

আচ্ছা, যদি আমি খড়খড়ি টেনে দিই? বলি, ক্ষত নেই। তবে? যদি বলি মলম না থাকলে দেখা হবে না। ত্রাসের চোখকে বাড়ি ফিরে যেতে বলি? যাবে তারা?

Sunday, February 19, 2023

#১১

ঘটেছে কি ঘটেনি দেখো,
নিস্তরঙ্গ জলের কাছে পাথরে পা ঘষে ঘষে
আদর করেছি তাকে
গভীরে ঠেলেছি সিসা, লাভা
আগলে রাখবে বলেছিল সই
আগলে রাখবে বলে সপ্তসাগর পেরিয়ে গেছে
মরা আদিগঙ্গার ধারে কাছে আর কিছুই পড়ে নেই

- সোমালী (১৮/০২/২৩)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...