চলো চেয়ে বসে থাকি
অনন্ত এসেছে বলে তাই
থরে থরে
পা টেনে টেনে নিজেদের কবরে নিয়ে যাই চলো
নিজেরাই নিজেদের শব খুঁটে খাবো
ডলবো নাড়ীতে ঘাম
ফিনকি দিয়ে রক্ত ছুটবে
আঁচলের, আমি বই লিখব বলে দেখে রাখছি সব
দেখে রাখছি কাল কৈফিয়ত চাইবো বলে
দেখে রাখছি বিস্ফারিত চোখ, রুটি দিয়ে ক্ষত বাঁধবো রাতভর
লিখে রাখছি একেক প্রহর
এই অনন্ত ভূত,
এই অনন্ত শীত কামড়ে ঝাড়বাতিতে মুন্ডু ঝোলায়
এর সাথে কথা বলতে আমায় লিখতে হবে দলিল কত সব
চলো দেখে রাখি এই পোকাদের উল্টে যাওয়া ধড়,
উল্লাস-মুখ
বসে থাকি আবারও, আদালত বসার অপেক্ষায়।
মূক। নির্জলা। নিথর।
ধিক্।
তবু, বসে থাকি এসো।
আরো এক শতাব্দী।
এক মৃত্যু থেকে আরেক মৃত্যু অবধি পৌঁছনোর আগে,
আরেকটু ঘুমিয়ে নিই বড়জোর।
- ১৯/১০/২৩
No comments:
Post a Comment